২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসানিয়া মিশনের দুই কর্মকর্তা গ্রেপ্তার

প্রতারনার মাধ্যমে দুই কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা আহসানিয়া মিশনের দুই কর্মকর্তাকে সোমবার গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারনার মাধ্যমে দুই কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা আহসানিয়া মিশনের দুই কর্মকর্তাকে সোমবার গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। ওই দুই কর্মকর্তা হলেন মিশনের অডিট বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম সিদ্দিক (৫২) এবং জনসংযোগ কর্মকর্তা হুমায়ূন কবীর টুটুল (৪৫)। সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি থানা পুলিশের ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিশনের মানব সম্পদ কর্মমর্তা আনোয়ার হোসেন চৌধুরীর করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, “মিশনের ৪৬ কর্মকর্তা আহসানিয়া পল্লী উন্নয়ন সমিতি নামে একটি সমিতি গঠন করে। মিরপুর ডিওএইচএস সংলগ্ন এলাকায় জমি ক্রয়ের নামে সমিতির সদস্যদের কাছে প্রায় ২ কোটি ১৫ লাখ ৭৫ হাজার টাকা আদায় করেন রফিকুল এবং টুটুল। পরে সমিতির অন্য সদস্যরা সত্যতা যাচাই করতে গেলে দেখা যায় সে জমির কোন অস্তিত্ব নেই।” “এ ঘটনায় আসামিদের সহযোগিতা করেন এ কে এম ইকবাল এবং আতিয়ার রহমান নামে আরো দুই ব্যক্তি। তারা বর্তমানে পলাতক রয়েছেন,” যোগ করেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচএ/এএল/২২১০ ঘ.