নরসিংদী, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একাধিক মামলার আসামি ‘বোমা ফারুক’ নিহত হয়েছেন।
সদরের নোয়াপাড়া ঈদগাহ মাঠে রোববার গভীর রাতে সন্ত্রাসীরা উপর্যুপরি ছুরি মারে তাকে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।
ফারুক (২৬) নোয়াপাড়া গ্রামের রহমত আলীর ছেলে। এলাকায় তিনি ‘বোমা ফারুক’ নামে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
সদর থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে ৬/৭ জন সন্ত্রাসী ফারুককে বাড়ি থেকে ডেকে নোয়াপাড়া ঈদগাহ মাঠে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে ফারুকের মৃত্যু হয়।
ওসি জানান, এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৮৪৬ ঘ.
bdnews24