বরিশাল, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত সাতজন আহত হন।
সোমবার দুপুর ১২টার দিকে নগরীর নতুন বাজারে সিটি কর্পোরেশনের নির্বাহী হাকিমের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মাছ ব্যবসায়ী বিষ্ণু দে জানান, বেলা ১২টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী হাকিম মো. ইসরাইল হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নতুন বাজারে মাছে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করে। এ সময় মোফাজ্জেল নামের এক ব্যবসায়ীর মাছে ফরমালিন পাওয়া যাওয়ায় তা মাছ জব্দ করে আদালত।
এ নিয়ে মোফাজ্জেল তর্ক শুরু করে দেয়। এক পর্যায়ে আদালতকে সহায়তা করা এক আনসার সদস্য সোহাগ নামের এক মাছ ব্যবসায়ীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে গেলে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে হাকিমকে ধাওয়া করলে তিনি একটি দোকানে আশ্রয় নেন।
কোতয়ালী মডেল থানার ওসি শাহিদুজ্জামান জানান, প্রায় আধ ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ ও র্যাব লাঠিচার্জ করে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে হাকিমকে উদ্ধার করে।
এ ঘটনায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮২১ ঘ.
bdnews24