২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পপার্ক: হলমার্ককে পরিবেশগত ছাড়পত্র না দেওয়ার নির্দেশ

সাভারের হেমায়েতপুর এলাকায় শিল্পপার্ক স্থাপনে হলমার্ক গ্রুপকে পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হেমায়েতপুর এলাকায় শিল্পপার্ক স্থাপনে হলমার্ক গ্রুপকে পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সোমবার একটি রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পরিবেশ বাঁচাও আন্দোলন-এর পক্ষে এর চেয়ারম্যান আবু নাসের খান রোববার রিটটি দায়ের করেন। সেইসঙ্গে আদালত অনুমোদন ছাড়া হলমার্ক গ্রুপের শিল্পপার্ক স্থাপন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ করে সাভারে জলাভূমি ভরাট করায় এই প্রতিষ্ঠানের জরিমানার অর্থ হ্রাসের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে গত ৩ মে পরিবেশ অধিদপ্তর হলমার্ক গ্রুপকে ৪০ লাখ টাকা জরিমানা করে। পরে ১০ মে ওই জরিমানার অর্থ কমিয়ে ৪ লাখ টাকা করা হয়। চার সপ্তাহের মধ্যে গণপূর্ত সচিব, পরিবেশ সচিব, ভূমি সচিব, শিল্প সচিব, পানি সম্পদ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা জেলা প্রশাসক ও হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ১২ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটকারীর পক্ষে ইকবাল কবির লিটন এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার শুনানি করেন। ইকবাল কবির লিটন সাংবাদিকদের বলেন, গ্রামীণ আবাসন ও কৃষি জমি দখল করে হলমার্ক গ্রুপ সেখানে শিল্প পার্ক নির্মাণ করছে। এ জন্য তারা কোনো অনুমোদনও নেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৭৫১ ঘ.