গাইবান্ধা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার জন্য এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত শাহজাহান মিয়া (২২) উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের শহীদুল মিয়ার ছেলে।
সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক আজহারুল ইসলাম এই দণ্ড দেন বলে জানান সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান।
তিনি বলেন, উপজেলা সদর বালিকা দাখিল মাদ্রাসা থেকে কোচিং শেষে সকাল ১০টার দিকে বাড়ী যাওয়ার পথে ঘাঘট নদীর ফুট ব্রীজের কাছে শাহজাহান নবম শ্রেণীর ওই ছাত্রীর পথরোধ করে তাকে প্রেম প্রস্তাব দেয়। এক পর্যায়ে তাকে ঝাপটে তার শ্লীলতাহানির চেষ্টা করে।
এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশ-পাশের লোকজন এসে শাহজাহানকে আটক করে পুুলিশে দেয় জানিয়ে ওসি বলেন, দুপুরে থানায় উপজেলা সহকারী ভূমি কমিশনার আজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে তাকে এক মাসের কারাদণ্ড দেয়।
বিকালে শাহজাহানকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৬৫৬ ঘ.
bdnews24