মহসীনুল করিম
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গড়ে ওঠা প্রায় ২ লাখ মাঝারি ও ক্ষুদ্র শিল্প রক্ষা করে ঢাকার ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধন করতে যাচ্ছে সরকার।
সোমবার সচিবালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, পর্যালোচনার পর সংশোধিত ড্যাপ বাস্তবায়নে সরকার কঠোর পদক্ষেপ নেবে।
ড্যাপ পর্যালোচনায় গঠিত কমিটি আগামী এক মাসের মধ্যে বৈঠকে বসছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মান্নান খান বলেন, “ঢাকা মহানগরীকে মানুষের বাসোপযোগী করে গড়ে তুলতেই সরকার ড্যাপ প্রণয়ন করেছিল। এতে কিছু অসঙ্গতি রয়েছে। বাস্তবতার নিরিখেই সরকার এগুলো সংশোধন করার উদ্যোগ নিয়েছে।”
১৯৯২ সালে সরকারের নেওয়া মহাপরিকল্পনা অনুযায়ী ’৯৫ সালে ঢাকা মহানগরী উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি) করা হয়। এরই ধারাবাহিকতায় ’৯৬ সালেই ডিটেইল্ড এরিয়া প্লান (ড্যাপ) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। ২০১০ সালের জুলাই মাসে গেজেট আকারে ড্যাপ প্রকাশ করা হয়।
ড্যাপ প্রণয়নের পর দুই বছরেও তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে ড্যাপ পুনর্বিবেচনার জন্য আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোসহ বিভিন্ন মহল দাবি জানিয়ে আসছিল।
ড্যাপ পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের কঠোর অবস্থান থেকে সরে আসা কি না- জানতে চাইলে মান্নান খান বলেন, “রিভিউ’র এই সিদ্ধান্ত সরকারের কঠোর অবস্থান থেকে সরে যাওয়া নয়। এটি বাস্তবায়নের জন্য বাস্তবতার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
পর্যালোচনার পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, তাৎক্ষণিক লাভের আশায় অনেকে অনেক স্থানে জলাশয় বা নিচু জমি ভরাট করে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেছেন। নির্মাণ হয়েছে শিল্প-কারখানাও। এসবকে কেন্দ্র করে গড়ে উঠেছে আরো অনেক স্থাপনা।
“এসব ভেঙে দেওয়া বাস্তবতার ভিত্তিতে কতটা যৌক্তিক হবে, তা খতিয়ে দেখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
“যারা এ সব খালবিল ও জলাশয় ভরাট করেছেন, তারা কি মানুষ নন? তারাও মানুষ। তাদের নিজের প্রয়োজনে, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে তারাও সহযোগিতার জন্য এগিয়ে আসবেন,” বলেন প্রতিমন্ত্রী।
প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা প্লাবনের ঝুঁকি নিয়ে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকা শহরকে রক্ষা এবং আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত একটি কমিটির সুপারিশে ড্যাপ প্রণীত হয়।
“ঢাকা শহরকে রক্ষার প্রয়োজনে বিকল্প প্রস্তাবসহ এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রিভিউ কমিটির বৈঠকে এসব প্রস্তাব নিয়েও আলোচনা হবে,” বলেন মান্নান খান।
ড্যাপ প্রণয়নের পরও কার্যকর না হওয়ার বিষয়ে তিনি বলেন, “আমাদের আইন না মানার মানসিকতার কারণেই ড্যাপ এতদিন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই ঢাকা শহর প্লাবিত হয়। এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণে ড্যাপের অসঙ্গতিগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
ড্যাপ পর্যালোচনা করতে রিভিউ কমিটির আহ্বায়ক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে আলোচনা করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।
“তাকে রিভিউ সভা ডাকার অনুরোধ করেছি। আগামী একমাসের মধ্যেই এ বিষয়ে বৈঠক করে তারা প্রয়োজনীয় সুপারিশ জানাবে। তাদের সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন মান্নান খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮৩০ ঘ.
bdnews24