২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

বড় ভাইয়ের স্ত্রীর ভাইকে হত্যার অপরাধে চট্টগ্রামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ভাইয়ের স্ত্রীর ভাইকে হত্যার অপরাধে চট্টগ্রামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিত জসিম উদ্দিন (২৫) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল কুদ্দুস মিয়া সোমবার আদালতে জসিমের উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন বলে জানান চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বোয়ালখালীর আকবদন্ডী গ্রামের সাইফুল ইসলাম বেলাল হত্যা মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে জসিমের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। তিনি জানান, বোন শিরিন আক্তার লাখীকে বেঙ্গুরায় তার শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করছে শুনে ২০০৯ সালের ১১ এপ্রিল সেখানে ছুটে যান লাখীর ভাই সাইফুল ইসলাম বেলাল ও জাহেদুল ইসলাম হেলাল। তখন লাখীর শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাখীর দেবর জসিম তার ভাই বেলালের বুকে ছুরিকাঘাত করে। এতে মৃত্যু হয় বেলালের। পরদিন ১২ এপ্রিল এ ঘটনায় জসিমসহ তিন জনকে আসামি করে বোয়ালখালী থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ভাই হেলাল। ওই বছর ৩০ জুন এই মামলার তিন আসামির মধ্যে দুজনকে বাদ দিয়ে জসিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সে বছর ১৬ নভেম্বর জসিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এ মামলায় আসামিপক্ষের একজনসহ মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়েছে বলে জানান পিপি আবুল হাশেম। আগামী সাত দিনের মধ্যে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদনের সুযোগ রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এএইচ/১৬১০ ঘ.