২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট খুলতে রিটের আদেশ মঙ্গলবার

বুয়েট বন্ধের আদেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে হাই কোর্টে দায়ের করা রিটের বিষয়ে মঙ্গলবার আদেশ দেবে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 09:30 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুয়েট বন্ধের আদেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে হাই কোর্টে দায়ের করা রিটের বিষয়ে মঙ্গলবার আদেশ দেবে আদালত। বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ সোমবার আদেশর এই দিন ঠিক করে দেন। রিটকারী ড. ইউনুস আলী আকন্দ তার আবেদন উপস্থাপন করলে আদালত বলেন, “আপনি কী চেয়েছেন?” জবাবে তিনি বলেন, “বুয়েটতো অশান্ত। শান্ত করতে চাই।” এরপর আদালত বলেন, “শান্ত করবেন কীভাবে? আপনিতো অনেক কিছু চেয়েছেন। ঠিক আছে, বৃহস্পতিবার আদেশের জন্য রাখছি।” এ পর্যায়ে আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনালের মোখলেসুর রহমান বলেন মঙ্গলবার আদেশের দিন রাখার অনুরোধ জানালে বেঞ্চ বিষয়টি মঙ্গলবারের কার্য তালিকায় থাকবে বলে জানান। রোববার দায়ের করা ওই রিটে রুল প্রার্থনার পাশাপাশি রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত উপাচার্য এবং উপ-উপাচার্যের কাজ চালিয়ে যাওয়ার ওপর স্থগিতাদেশ এবং শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাদের আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়। শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে রিটে বিবাদী করা হয়। বুয়েট উপাচার্য এস এম নজরুল ইসলাম গত ১০ জুলাই ৪৪দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের যে আগাম ঘোষণা দেন, তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করারও আদেশ চাওয়া হয় এই রিট আবেদনে। এ ছাড়া বুয়েটের ঘটনা তদন্তে ৭ দিনের মধ্যে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করার জন্য শিক্ষা সচিবের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া আদেশের তিন দিনের মধ্যে ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশে বিবাদীদের প্রতি নির্দেশনা দেওয়ার আর্জি জানিয়েছেন ড. ইউনুস আলী আকন্দ। উপাচার্যের পদত্যাগ দাবিতে বুয়েট শিক্ষক সমিতির আন্দোলনের মুখে গত ১০ জুলাই হঠাৎ করে ঈদ ও গ্রীষ্মের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষক-শিক্ষার্থীর। আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, বুয়েটে ভর্তিচ্ছু একজন ছাত্রের বাবা হিসাবে তিনি এই রিট আবেদন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্ষাকালে বুয়েটে ৪৪ দিনের গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে। আগে বুয়েটে গ্রীষ্ম বা বর্ষা কোনো ধরনের ছুটিই ছিল না। এর ফলে মেধাবী অসংখ্য শিক্ষার্থী তাদের মূল্যবান সময় হারাচ্ছে।” “সব বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও বুয়েটে তা হয়নি। অথচ প্রতিবছর বুয়েটই সবার আগে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে থাকে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫২৫ ঘ.