ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম ও তার ছেলে তমোহর ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলার ‘আশানুরূপ’ অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তাদের পরিবার।
নুরুল ইসলামের জন্মদিন উপলক্ষে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় তার স্ত্রী সংসদ সদস্য রুবি রহমান বলেন, “তদন্তের আশানুরূপ অগ্রগতি না হওয়ায় আমরা হতাশ।”
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন কাউন্সিলের প্রতিবেদনে অনুযায়ী, হত্যাকাণ্ডের স্থানে অসমিয়াম, আর্সেনিক ও লেডের মতো রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে”,বলেন তিনি।
২০০৮ সালের ৩ ডিসেম্বর ধানমন্ডির বাসায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান শ্রমিক নেতা নুরুল ইসলাম ও তার ছেলে তমোহর।
বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, একের পর এক হত্যাকাণ্ডের বিচার না হলে রাষ্ট্রীয় ও সমাজ ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা বাড়তে থাকে।
“এটি অগ্নিকাণ্ড ছিলো না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “পুলিশের তদন্তের ধারা গ্রহণযোগ্য নয়। সরকারের যদি উদ্যোগ থাকে তাহলে সম্ভব। না হলে একই বৃত্তে ঘুরপাক খাবে। না পারলে খোলাখুলি বলে দিন আমরা পারছি না।”
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, “চাঞ্চল্যকর মামলা যদি বস্তাবন্দি হয়ে পড়ে থাকে তাহলে চাঞ্চল্যকর শব্দের সংজ্ঞা বদলাতে হবে।”
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান ও গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/আরএ/১৫০৫ ঘ.
bdnews24