২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণ: গাজীপুরে কারখানাকে ৪৭ লাখ টাকা জরিমানা

পরিবেশ ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা ও নদী দূষণের দায়ে গাজীপুরে একটি নিট কম্পোজিট কারখানাকে ৪৭ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 06:18 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

গাজীপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- পরিবেশ ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা ও নদী দূষণের দায়ে গাজীপুরে একটি নিট কম্পোজিট কারখানাকে ৪৭ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের বানিয়ারচালায় অবস্থিত বিজি কালেকশন লিমিটেড নামে ওই কারখানাটির মালিক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের পরিবার বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. মুনীর চৌধুরী। ফারুকের মেয়ে তামান্না ফারুক কারখানার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। পরিবেশ অধিদপ্তরের গাজীপুর অঞ্চলের উপ-পরিচালক নূর আলম জানান, ভাওয়াল অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের সংরক্ষিত এলাকা হিসেবে নির্ধারিত বানিয়ারচালা মৌজায় তিন একর জমির ওপর কারখানাটি অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। “এছাড়া পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়া প্রায় চার বছর ধরে কারখানাটি উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছে। কারখানার পরিচালক (অপারেশন) আসাদুজ্জামান এসব অভিযোগ স্বীকার করে জানিয়েছেন- ২০০৬ সালে কর্তৃপক্ষের বিশেষ বিবেচনায় কারখানাটি তৈরি করা হয়েছিল,” যোগ করেন তিনি। এদিকে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কারখানা থেকে এ পর্যন্ত প্রায় ১২ কোটি লিটার অপরিশোধিত তরল বর্জ্য তুরাগ নদে পড়েছে। কারখানা থেকে নির্গত তরল বর্জ্য পরীক্ষা করে এতে দ্রবীভূত অক্সিজেন লিটারে মাত্র শূন্য দশমিক ২৬ মিলিগ্রাম পাওয়া গেছে, যেখানে ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ০ মিলিগ্রাম থাকার কথা। এসব অভিযোগে জরিমানার পাশাপাশি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। জয়নাল আবদিন ফারুক চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/০০০২ ঘ.