চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুন্ডে শিপ ইয়ার্ডে পরিত্যক্ত জাহাজে কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার বিকাল পৌনে ৪ টার দিকে সীতাকুন্ডের বার আউলিয়া এলাকার এস এন করপোরেশনে এ দুর্ঘটনা ঘটে।
মো. জামাল উদ্দিন (৪৫) নামে ওই শ্রমিকের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী থানার শিবাই মঞ্জিল এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল এহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি পরিত্যক্ত জাহাজে কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে মারাত্মক আহত হয় জামাল।
পরে চমেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২২২৫ ঘ.
bdnews24