২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকফা অচলাবস্থার জন্য ঢাকা দায়ী নয়: মিজারুল

যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা চুক্তি সই বিষয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার মন্তব্যের একদিন বাদে এ কথা বলেছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা চুক্তি সইয়ে অচলাবস্থার জন্য বাংলাদেশ দায়ী নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে টিকফা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শনিবার ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি (টিক্ফা) সই না হলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তার পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধা পাবে না। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মিজারুল কায়েস বলেন, “টিকফা বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ সব সময়ই প্রস্তুত।” তবে সচিব রাষ্ট্রদূতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোন কথা বলতে রাজি হননি। কায়েস বলেন, “চুক্তির বর্তমান অবস্থা হলো আমরা খুব কাছাকাছি আছি এবং খসড়ার কিছু ছোটখাট বিষয়ে একমত হওয়ার অপেক্ষায় রয়েছি।” কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, “আপনি কাগজ নিয়ে এসে বললেন, আলোচনার সময় নেই এটাতে সই করতে হবে। এটাতো হতে পারে না।” সচিব বলেন, “বাংলাদেশ শ্রম অধিকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ নয়। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার অধীনে কতগুলো আন্তর্জাতিক শ্রম কনভেনশন সই করেছে।” শ্রম অধিকার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ দূরে সরে গেছে- সংবাদপত্রে প্রকাশিত যুক্তরাষ্ট্রের এরকম ধারণার বিষয়ে জানতে চাইলে খানিকটা বিরক্ত হয়ে সচিব বলেন, “আপনি খুঁজে দেখেন, আমরা কতগুলো আইএলও কনভেনশন সই করেছি আর যুক্তরাষ্ট্র কতগুলো করেছে।” বাংলাদেশ আটটি আইএলও কনভেনশনের মধ্যে সাতটিতে সই করেছে। পক্ষান্তরে যুক্তরাষ্ট্র করেছে চারটিতে। মিজারুল কায়েস বলেন, “এটা প্রমাণিত যে বাংলাদেশ শ্রম অধিকারের প্রতি চূড়ান্তভাবে প্রতিশ্রুত।” বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র চার বছরের জন্য টিকফা সই করার বিষয়ে আলোচনা করছে। সচিব বলেন, যুক্তরাষ্ট্র শ্রম অধিকার বিষয়ে কথা বলছে অথচ তারা তৈরি পোশাকসহ বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ১৬ থেকে ৩২ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে। “আমি তাদের বলেছি তোমরা এরকম শুল্ক আরোপ করায় প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখতে সব দিকেই সংকোচন করতে হয়। তোমরা শুল্ক প্রত্যাহার করলে আমরা সেই অর্থ পোশাক শ্রমিকদের কর্মসংস্থানের পরিবেশ উন্নত করার কাজে ব্যবহার করতে পারি,” যোগ করেন পররাষ্ট্র সচিব। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় একক গন্তব্য। দেশের সামগ্রিক রপ্তানি আয়ের ৩০ শতাংশ আসে এ দেশ থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এএল/২১৩৩ ঘ.