বরিশাল, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় পিরোজপুরের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে বরিশালের একটি আদালত।
বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জাহিদুল কবির রোববার পিরোজপুরের সরুপকাঠি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম সাইদকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান হাকিমের বেঞ্চ সহকারী মো. শাহাদাত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সাইদ আদালতে হাজির হয়ে দুর্নীতির মামলায় উচ্চ আদালতের দেওয়া এক মাসের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে আগামী ৯ সেপ্টেম্বর তার শুনানির দিন রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক আর কে মজুমদার গত ১২ মার্চ বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানায় চেয়ারম্যান সাইদের বিরুদ্ধে এ মামলা করেন।
সাইদ দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে জ্ঞাত আয় বহির্ভূত ৪২ লাখ ৩০ হাজার ১৬৫ টাকার সম্পদের তথ্য দিয়েছেন এবং দুই লাখ ৭৫ হাজার ৭৬৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ মামলায় গত ২৭ জুন সাইদ উচ্চ আদালত থেকে এক মাসের জামিন নেন বলে জানান শাহাদাত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২০০৪ ঘ.
bdnews24