২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের মার কাছে ইউনূস

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের সঙ্গে দেখা করেছেন শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের সঙ্গে দেখা করেছেন শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। রোববার বিকালে লেখকের ছোট ভাই আহসান হাবীবের বাসায় গিয়ে আয়েশা ফয়েজের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় সেখানে হুমায়ূনের দুই বোনও উপস্থিত ছিলেন। ইউনূস যাওয়ার প্রায় ৪০ মিনিট পর ২৪/৪ পল্লবীর ওই বাসায় পৌঁছান লেখকের বড় ছেলে নুহাশ হুমায়ূন। হুমায়ূন আহমেদের মা, ভাই-বোন ও ছেলের সঙ্গে ওই বাসায় প্রায় এক ঘণ্টা কাটিয়ে ফিরে আসেন ইউনূস। চলে আসার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নুহাশের কাঁধে হাত দিয়ে লেখক হুমায়ূন সম্পর্কে মনোভাব তুলে ধরেন ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশে যে পাঠক গোষ্ঠী ছিল না সেই পাঠক গোষ্ঠী সৃষ্টি করেন তিনি। বাংলা সাহিত্যের যে ভঙ্গি ছিল না সেই ভঙ্গি এনে দিয়েছেন তিনি।” হুমায়ূন যে একজন জনপ্রিয় লেখক তা আমরা এতোদিন দেখে এসেছি। কিন্তু তার মৃত্যুর পর মনে হলো, উনি শুধু জনপ্রিয় লেখকই নন, উনি মানুষের হৃদয়ের গভীরে চলে গিয়েছেন। যার কারণে মানুষ তার অভাবটা কিছুতেই মানতে পারছে না।” হুমায়ূনের জীবদ্দশায় একবারই তার সঙ্গে দেখা হয়েছে ড. ইউনুসের। গত বছরের নভেম্বরে যখন তিনি নিউয়র্কে চিকিৎসাধীন ছিলেন সেই সময়ের স্মৃতিচারণা করে ইউনুস বলেন, “তার সঙ্গে দেখা হলে তার অসুস্থতা বিষয়ে কথা বলার চেষ্টা করলাম। উনি এর ধারকাছ দিয়েও গেলেন না।” ইউনূস বলেন, “হুমায়ূন এমন একজন ব্যক্তিত্ব যিনি সারা বাংলাদেশকে একটা জায়গায় এনে দিয়েছেন। বাংলাদেশের মানুষ তার ভিতর দিয়ে নিজেকে আবিস্কার করেছে।” লেখকের ক্যান্সার হাসপাতাল নিয়ে প্রশ্ন করা হলে ইউনূস বলেন, “আমি তাকে (হুমায়ূন) এত শ্রদ্ধা করি, এত ভক্তি করি, আমাকে দিয়ে যদি তার কিছু উপকার হয় এবং তার স্বপ্নপূরণে যদি আমার কোনো ভূমিকা থাকে তা আমি সাদরে গ্রহণ করব।” চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুলাই নিউ ইয়র্কে মৃত্যু হয় হুমায়ূনের। নন্দিত এই কথাসাহিত্যিকের বয়স হয়েছিলো ৬৪ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/এমআই/এএল/১৮০৯ ঘ.