ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট বন্ধের আদেশ ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করার আবেদন জানিয়ে হাই কোর্টে একটি রিট দায়ের করেছেন এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর বাবা।
রিটে রুল প্রার্থনার পাশাপাশি রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত উপাচার্য এবং উপ-উপাচার্যের কার্যক্রমে স্থগিতাদেশ এবং শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাদের আন্দোলনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ রোববার জনস্বার্থে এই আবেদন করেন।
শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে রিটে বিবাদী করা হয়েছে।
আবেদনে গত ১০ জুলাই ৪৪দিন বন্ধের ঘোষণা সম্বলিত উপাচার্যের আদেশ ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়।
এ ছাড়া বুয়েটের ঘটনা তদন্তে ৭ দিনের মধ্যে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করার জন্য শিক্ষা সচিবের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
আদেশের তিন দিনের মধ্যে ২০১২-১৩ শিক্ষা বর্ষের সম্মান শ্রেণির প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশে বিবাদীদের প্রতি নির্দেশনা প্রদানের আর্জি জানানো হয়।
বুয়েটের শিক্ষক সমিতির আন্দোলনের মুখে গত ১১ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত সময়ে বুয়েট বন্ধ ঘোষণা করে।
রিটকারী ইউনুস আলী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্ষাকালে বুয়েটে ৪৪ দিনের গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে। পূর্বে বুয়েটে গ্রীষ্ম বা বর্ষা কোন ধরণের ছুটিই ছিল না। এর ফলে মেধাবী অসংখ্য শিক্ষার্থী তাদের মূল্যবান সময় হারাচ্ছে। এছাড়া সব বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বুয়েটে দেওয়া হয়নি। অথচ প্রতিবছর বুয়েটই সবার পূর্বে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৬৫৮ ঘ.
bdnews24