গাজীপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে এ দুর্ঘটনায় নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের সাবে তথ্য ও গবেষাণা সম্পাদক ও উপজেলার নলোয়া গ্রামের বাসিন্দা মীর শহিদুর রহমান (৫২) এবং একই উপজেলার গোসাইবাড়ি গ্রামের বানেজ আলীর ছেলে অটোরিকশা চালক রমজান আলী (৩৫)।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, উপজেলার নলোয়া গ্রামের শহিদুর দুপুরে সাড়ে ১২ টার দিকে একটি অটোরিকশা নিয়ে কালিয়াকৈর যাচ্ছিলেন।
পথে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার জোড়া পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা গাজীপুরগামী নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুর ও রমজানের মৃত্যু হয়।
উদ্ধারের পর নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কোনাবাড়ি হাইওয়ে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫৩ ঘ.
bdnews24