ঢাকা, ২৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনস্বার্থে তামাক নিয়ন্ত্রণ আইনের ফাঁক ফোকরগুলো বন্ধ করে এটিকে আরো কঠোর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
রাজধানীতে রোববার তামাকবিরোধী এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, “আইনটিকে কীভাবে কঠোর ও হালনাগাদ করা যায় তা আমরা দেখব, যাতে এর ফাঁক ফোকর দিয়ে কেউ পার না পায়।”
তামাক সেবনের অভ্যাস থেকে মানুষকে নিরুৎসাহিত করার লক্ষ্যে আড়াই বছর আগে ২০০৫ সালের তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের কাজ শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল, গত বছর ১৯ ডিসেম্বরের মন্ত্রিপরিষদের বৈঠকে এই আইনের খসড়া উপস্থাপনের জন্য যখন স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত তখন অর্থ মন্ত্রণালয় তা ফেরত চেয়ে পাঠায়; যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার কাছ থেকে সম্মতি পাওয়ার পরই স্বাস্থ্য মন্ত্রণালয় এই খসড়া চূড়ান্ত করে।
গত মে মাসে স্বাস্থ্য মন্ত্রী বিষয়টি স্বীকার করে নিয়ে বলেছিলেন জুনের বাজেট অধিবেশনের পর আইনটি পাশ করার ব্যবস্থা নেওয়া হবে।
তবে আইনমন্ত্রী জানান, খসড়া আইনটি পাশ করতে এতো দেরি কেন হচ্ছে তা তার বোধগম্য নয়।
মন্ত্রিসভা হয়ে আইনটি আইন মন্ত্রণালয়ে এলে এটিকে শক্তিশালী করার ব্যবস্থা করা হবে বলে তামাক বিরোধী আন্দোলনকারীদের আশ্বস্ত করেন আইনমন্ত্রী।
‘তামাকজনিত রোগে আক্রান্ত মানুষের আর্তনাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি কাজী ফারুক বলেন, “তামাকের বিরুদ্ধে আন্দোলন করা কঠিন হয়ে পড়ছে বসরকারের কোনো সাহায্য না পাওয়ায়। এটা খুব দুর্ভাগ্যজনক।”
ঢাকা সফররত যুক্তরাষ্ট্র-ভিত্তিক ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসের (সিটিএফকে) সভাপতি ম্যাথু মায়ার্স বলেন, “তামাক হাজার হাজার প্রাণ কেড়ে নিচ্ছে কিন্তু আমরা আমরা সবাই জানি এটা কীভাবে প্রতিরোধ করা যায়।”
এটা প্রতিরোধে কোটি কোটি ডলার লাগবে না, শুধু আমাদের নেতৃত্বকে পাল্টাতে হবে।
আইনটি কঠোর করার প্রক্রিয়ায় দেরি হওয়ায় বাংলাদেশের নাগরিকদের জীবন অভিশপ্ত হয়ে পড়ছে।
ধারণা করা হয়, বাংলাদেশের প্রতিবছর তামাকজনিত অসুস্থতায় প্রায় ৫৭ হাজার মানুষ মারা যায়।
তামাক নিয়ন্ত্রণে সংশোধিত আইনের খসড়ায় তামাক দ্রব্য হিসেবে জর্দ্দা, সাদা পাতা ও গুলের মত ধোঁয়াবিহীন তামাককে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধূমপায়ীদের নিরুৎসাহিত করতে সিগারেটের মোড়কের ৫০ শতাংশজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী লাগানোর কথা বলা হয়েছে।
শাস্তি হিসেবে আইন অমান্যকারী ব্যক্তির ক্ষেত্রে জরিমানা ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে এবং আইন লঙ্ঘনের জন্য কোম্পানির ক্ষেত্রে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান প্রস্তাব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৭০৬ ঘ.
bdnews24