ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর অভিজাত এলাকা গুলশানে নিজের বাড়িতে খুন হয়েছেন এক ব্যবসায়ী।
রোববার সকালে নিজের কক্ষে ওই ব্যবসায়ীর লাশ তার স্বজনরা দেখতে পায়। নিহত ফজলুল হক রঙ তৈরির কাঁচামাল আমদানি করতেন। এছাড়া হক পেইন্টস নামে উৎপাদিত রঙ ওই ব্যবসায়ীর পারিবারিক প্রতিষ্ঠান।
ফজলুল হক (৭০) গুলশান দুই নম্বরের ৫১ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িতে থাকতেন। ওই বাড়ির দোতলার পূর্ব দিকে নিজ কক্ষে তার লাশ পাওয়া গেছে।
ফজলুল হকের মেয়ে হাসিনা জাকের হাসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবা শনিবার রাত ১০টার দিকে ঘুমাতে গিয়েছিলেন। সাধারণত এই সময় তিনি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন।
“আজ সকাল ১০টায় মা দরজা বন্ধ দেখে চাবি দিয়ে দরজার অটোমেটিক লক খুলে বাবাকে তার বিছানায় মশারির ভেতর রক্তাক্ত অবস্থায় দেখতে পান।”
ফজলুল হকের বাম দিকে ঘাড় এবং গলার মাঝে একটি গভীর ক্ষতচিহ্ন ছিল বলে তার মেয়ে জানিয়েছেন।
অসুস্থতার কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সহ্য না হওয়ায় ফজলুল হক একাই ওই কক্ষটিতে থাকতেন। তার স্ত্রী পাশে আরেকটি কক্ষে থাকেন।
হাসিনা জাকের জানান, বাড়ির সামনে থাকা একটি গাড়ির ছাদে রক্তমাখা পায়ের ছাপ পাওয়া গেছে। অবশ্য লাশ পাওয়ার আগেই এই ছাপ গাড়ি চালক মুছে ফেলেন। এ ছাড়া বাড়ির বারান্দায়ও ছোপ ছোপ রক্তের দাগ পাওয়া গেছে।
তার ধারণা, হত্যাকা- ঘটিয়ে খুনিরা বারান্দায় পায়চারি করে এবং পালানোর পথ খুঁজে। পরে ফজলুল হকের ঘর লাগোয়া দক্ষিণ দিকের বারান্দা দিয়ে পালিয়ে যায়।
চার মেয়ে ও এক ছেলের জনক ফজলুল বয়স হওয়ায় ব্যবসায়িক কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। ছেলেই এখন ব্যবসা দেখাশোনা করেন।
ফজলুল হকের ছেলে আজহারুল হক আপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবার কোন শত্রু ছিলো না। বয়স এবং অসুস্থার কারণে বেশিরভাগ সময় তিনি বাসায় থাকতেন।
তার কক্ষ লাগোয়া অপর একটি ছোট কক্ষে থাকা আলমিরার কাগজপত্র তছনছ অবস্থায় দেখা গেলেও কোনো কিছু খোয়া গেছে কিনা তা জানাতে পারেননি আপন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, হত্যাকা- নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী, গাড়িচালক দারোয়ানসহ সাতজনকে আটক করা হয়েছে। হত্যাকা-ের কারণ কী- তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধস্তাধস্তি বা অন্যকোন আলামত না থাকায় প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। তবে কী দিয়ে হত্যা করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫১৪ ঘ.
bdnews24