২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক বরখাস্ত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

দিনাজপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ভোগনগর ইউনিয়নের নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সোমবার সকালে অভিভাবকরা একযোগে স্কুলে হামলা চালালে উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষক শামছুজ্জামানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার সুযোগ পায়নি। এর আগেই অভিভাবকরা বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন।” ছাত্রীর অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার পঞ্চম শ্রেণীর বাংলা পরীক্ষা চলাকালে সহকারী শিক্ষক শামসুজ্জামান তার মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করেন। সঙ্গে সঙ্গেই স্কুলের শিক্ষার্থীরা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও এক শিক্ষিকাকে অবহিত করে। পরে ঘটনাটি অভিভাবকরাও জেনে যায়। শিক্ষার্থীদের অভিভাবকরা এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের শরণাপন্ন হলে তিনি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু দুদিন পেরিয়ে গেলেও স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি দেখে সোমবার সকালে অভিভাবকরা স্কুলে হামলা চালায় ও শিক্ষকদের লাঞ্ছিত করে বলে জানান বীরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক সাঈম তালুকদার। তিনি আরো বলেন, হামলার খবর শুনে উপজেলা শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম ম-ল, সহকারী শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান পান্নাসহ অনেকেই ঘটনাস্থলে যান। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে সহকারী শিক্ষক শামসুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে ছাত্রীর অভিভাবক থানায় লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান এএসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯১০ ঘ.