চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহী মারা গেছে।
নিহত বিপ্লব নাথ (২৭) মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়ার মৃত রাম মোহনের ছেলে। তিনি স্থানীয় কাঁচাবাজারের ব্যবসায়ী ছিলেন।
রোববার সকাল সাড়ে ৮ টার দিকে মিরসরাই সদরের গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মিরসরাই থানার উপ পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ি থেকে সাইকেলে করে মহাসড়ক দিয়ে স্থানীয় বাজারে যাওয়ার সময় এক গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বিপ্লব।
মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে জানিয়ে এসআই বলেন, দুর্ঘটনার জন্য দায়ী যানটিকে আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১২৫৪ ঘ.
bdnews24