ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে হাতব্যাগে থাকা বোমা বিস্ফোরণের ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে গ্রেপ্তার তিনজন বোমা তৈরির কাজে জড়িত ছিল বলে রোববার পুলিশের এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।
মিরপুরের কাজীপাড়া ও ভাষানটেকের মাটিকাটা থেকে গ্রেপ্তার ওই তিনজন হলেন- সোহরাব হোসেন উজ্জ্বল (২৭), খন্দকার এনামুল হক মিতুল (২৭) ও এস এম আবু হোসেইন সারওয়ার (৩২)।
এদের মধ্যে গাড়ি সারাইখানার কর্মী সারওয়ার বোমাটি তৈরি করেন বলে পুলিশ জানিয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তারের পাশাপাশি তাদের বাড়ি থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামও পাওয়া যায়।
গত ১৭ জুলাই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নারী কর্মী আয়েশা সিদ্দীকা হার হাতব্যাগে থাকা বোমার বিস্ফোরণে আহত হন। এক সহকর্মী মোড়কে ভরে বোমাটি তার ব্যাগে দিয়েছিল।
পুলিশ ওই দিনই আয়েশার সহকর্মী জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করে, যিনি বোমাটি দিয়েছিলেন বলে অভিযোগ। এছাড়া নুরুল ইসলাম নামের আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।
‘প্রেমের সম্পর্ক ভেস্তে’ যাওয়ায় জুবায়ের আয়েশাকে শিক্ষা দিতে বোমাটি দিয়েছিল বলে জুবায়ের স্বীকার করেছেন। তিনি আরো বলেছেন, নুরুল ইসলামের মাধ্যমে তিনি ২০ হাজার টাকায় ওই বোমাটি কেনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২৪০ ঘ.
bdnews24