টাঙ্গাইল, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতীতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসপাচায় দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।
চরভাবলা এলাকায় রোববার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের চান্দু আলীর ছেলে আব্দুল বাছিদ (৪০) এবং কালিহাতী উপজেলার মাতুহাটা গ্রামের ওমর আলীর ছেলে মোহাইমিল (৩০)।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই একটি টেম্পুতে ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি ইউনুস আলী মিয়া সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে টাঙ্গাইলগামী একটি টেম্পুকে উত্তরবঙ্গ থেকে আসা একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে টেম্পুটি দুমড়ে-মুচড়ে যায়।
বাছিদ ঘটনাস্থলেই মারা যান বলে ওসি জানান। মোহাইমিলের মৃত্যু হয় হাসপাতালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪১ ঘ.
bdnews24