সুমন মাহবুব
লন্ডন থেকে
লন্ডন, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহায়তার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশে সবুজ প্রযুক্তি প্রয়োগ ও অর্থায়নের প্রয়োজন রয়েছে।
যুক্তরাজ্যের জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী এডওয়ার্ড ডাভির সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এডওয়ার্ড ডাভি শনিবার বিকালে সেইন্ট প্যানক্রাস রেনেসাঁ হোটেলে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
শেখ হাসিনা কার্বন নিঃসরণ কমানোর ওপর জোর দিলে এডওয়ার্ড ডাভি জানান, যুক্তরাজ্য ২০২০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৩০ শতাংশ কমানোর পদক্ষেপ নিয়েছে।
বিশ্ববিদ্যালয় এবং গবেষণার মাধ্যমে স্বাস্থ্য ও কৃষি খাতে যুক্তরাজ্যের সহায়তা প্রত্যাশা করেছেন শেখ হাসিনা। নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উংপাদনের যুক্তরাজ্যের সহায়তাও আহবান করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত এম সাইদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বৈঠকে ছিলেন।
যুক্তরাজ্যের মন্ত্রীর পর ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবং বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৫৫ ঘ.
bdnews24