ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে সৃষ্ট একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল।
রোববার সকাল ৮টা ২১ মিনিটে ১৫ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প হয় বলে ঢাকা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।
ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৩৯৭ কিলোমিটার পূর্ব দিকে ছিল এর উৎসস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামবাসী এই ভূকম্পন অনুভব করেছেন। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকা আবহাওয়া অফিস থেকে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৬ বলা হলেও যুক্তরাষ্ট্রের ভূপর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস বলছে, এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের রাজধানী নে পেই তাওয়ের চেয়ে ৪০৬ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠের ৬৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০৯১৭ ঘ.
bdnews24