ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার থেকে বিপুল সংখ্যায় রোহিঙ্গা শরণার্থী আসার পিছনে কোনো সন্ত্রাসবাদী ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ব্রিটিশ পত্রিকা সানডে এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তে জামায়াতে ইসলামীর শক্ত ঘাঁটি রয়েছে এবং তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
“জামায়াতে ইসলামী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এ বিষয়টি নিয়ে কারো সংশয় নেই এবং এটা সবাই জানে।”
রোহিঙ্গাদের বাংলাদেশে আসার পিছনে জামায়াতে ইসলামীর ‘ইন্ধন’ প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে।
“আমরা এ বিষয়ে মিয়ানমারে আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি এবং তিনি কিছু ঘটনার বিষয় তাদের (মিয়ানমার সরকার) নজরে এনেছেন। আমাদের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে।”
“আমরা প্রকৃত ঘটনা বের করার চেষ্টা করছি।”
এসব রোহিঙ্গা শরণার্থীর বাংলাদেশে পাড়ি জমানোর পিছনে কোনো ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এসব শরণার্থী কেন আসতে চায় তা খতিয়ে দেখা উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের।”
এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ না নেওয়ার জন্য বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারকে দায়ী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হচ্ছে, এ ব্যাপারে কোনো ছাড় নয়। ২০০১ থেকে ২০০৬ সাল মেয়াদে সন্ত্রাসী হামলায় অনেকে নিহত হয়েছে। কিন্তু সরকার গঠনের পর থেকে আমরা বাংলাদেশের ভূ-খণ্ড কাউকে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতায় ব্যবহার করতে দেইনি।”
গত মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে দাঙ্গা হয়। ওই ঘটনার পর সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালায়। অবশ্য বাংলাদেশ তাদের ফেরত পাঠিয়ে দেয়।
সে সময় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর তাদের আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানালেও দুই দশক ধরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশের কারণে সঙ্কটে থাকা বাংলাদেশ তা প্রত্যাখ্যান করে।
প্রায় দুই দশক আগে থেকে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের অনেকেই এখনও টেকনাফের বিভিন্ন শিবিরে অবস্থান করছে। এর বাইরেও অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিভিন্ন এলাকায়।
বাংলাদেশের পক্ষ থেকে বারবার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এইচএ/০০০৩ ঘ.
bdnews24