২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সামর্থ্য নেই: প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ এমনিতেই জনবহুল। ইতোমধ্যে সেখানে প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থী বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।” বাংলাদেশ নয়, রোহিঙ্গ শরণার্থীদের সহায়তা করা মিয়ানমার সরকারেরই দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন। শেখ হাসিনার এই সাক্ষাৎকার শুক্রবার আলজাজিরা অনলাইনে প্রকাশ করা হয়। গত মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে দাঙ্গা হয়। এর পর থেকেই সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সে সময় রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানালেও দুই দশক ধরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশের কারণে সঙ্কটে থাকা বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে। প্রায় দুই দশক আগে থেকে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের অনেকেই এখনও টেকনাফের বিভিন্ন শিবিরে অবস্থান করছেন। এর বাইরেও অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিভিন্ন এলাকায়। বাংলাদেশের পক্ষ থেকে বারবার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৮৪০ ঘ.