২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরকান্দায় তিন ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে শনিবার ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ফরিদপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে শনিবার ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন মাদারীপুরের ফয়সাল (৩৫), বরিশালের নূরুল ইসলাম (৩৬) এবং পিরোজপুরের ইদ্রিস হাওলাদার (৩৮)। তারা এক ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই করে মাইক্রোবাসে পালিয়ে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। নগরকান্দা থানার ওসি আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছিনতাইকারীরা সকাল ৯টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট থেকে খুলনা যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাসে ওঠায় ব্যবসায়ী লুৎফর সিকদারকে (৪০)। মাইক্রোবাসটিতে আরো চার যাত্রী ছিলেন। সকাল ১০টার দিকে মাইক্রোবাসটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বঙ্গবন্ধু তোরণের কাছে পৌঁছলে ছিনতাইকারীরা লুৎফর সিকদারের কাছ থেকে দুই লাখ টাকা ভর্তি একটি ব্যাগ কেড়ে নিয়ে তাকে নামিয়ে দেয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ বালিয়ারমোড় এলাকায় মাইক্রোবাসটি আটক করলে কয়েকজন ছিনতাইকারী পালিয়ে গেলেও তিন জন ধরা পড়ে। এ সময় উত্তেজিত এলাকাবাসী মাইক্রোবাসটি ভাংচুর করে বলেও তিনি জানান। ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে পালিয়ে যাওয়া ছিনতাইকারীরা টাকার ব্যাগটি নিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থল মুকসুদপুর এলাকা হওয়ায় গ্রেপ্তার তিন জনকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.