নারায়ণগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় লে-অফ ঘোষণা করা রপ্তানীমুখী পোশাক কারখানা মার্ক নিটওয়্যারের শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ করেছে।
শনিবার সকালে শহরের চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।
পরে মিছিল নিয়ে শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে সমাবেশ করে বিক্ষোভকারীরা।
শ্রমিকরা ঈদের আগে তাদের সকল পাওনা পরিশোধ করার দাবি জানান শ্রমিকরা।
এ সময় বিকেএমইএ-এর নেতারা বকেয়া মজুরি আদায়ে সহয়োগিতার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
বিকেএমইএ-এর শ্রমিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জি এম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের আগেই শ্রমিকরা যেন মজুরি পেতে পারে সেজন্য চেষ্টা চলছে।
“দ্রুত মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে।”
গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লালপুরে অবস্থিত মার্ক নিটওয়্যার কাজের স্বল্পতার কারণ দেখিয়ে ১৫ দিনের জন্য কারখানা লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১৭ ঘ.
bdnews24