ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের ঝুড়িতে করে ফেন্সিডিল ও পেথিডিন আনার সময় তিনজনকে আটক করেছে র্যাব।
র্যাব-১০ এর সহকারী পরিচালক জোবায়ের সালাউদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাদামতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- ফারুক হোসেন (৩৫), মো. মনছুর (৩৮) ও সুমন বাবু (২২)।
জোবায়ের সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে সকালে একটি আমের ট্রাক বাদামতলীতে আসে। ফারুক, মনছুর ও বাবুর নামে ১৪ ঝুড়ি আম নিয়ে আসা হয় ওই ট্রাকে। তবে মাদকের চালান আসার খবর পেয়ে র্যাব সদস্যরা ছদ্মবেশে ওঁত পেতে থাকে সেখানে।”
ওই তিনজন সকালে আমের ঝুড়িগুলো নিতে গেলে তল্লাশি করে ১১শ’ বোতল ফেন্সিডিল ও পেথিডিন ইনজেকশনের ২ হাজার শিশি পাওয়া যায়।
আটক তিনজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৩০৫ ঘ.
bdnews24