নারায়ণগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শ্রমিক নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এই অবরোধের কারণে শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করে।
শুক্রবার রাতে ফতুল্লা থানার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পিয়াস আহম্মেদ সোহেলকে (৩৫) গুলি করে দুর্বৃত্তরা।
ইউনাইটেড ফেডারেশন গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের জেলার আহবায়ক শাহাদাৎ হোসেন সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ২১ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলিতে আহত শ্রমিক নেতা পিয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
“তার ওপর হামলার প্রতিবাদে সকাল ১০টার দিকে কয়েকশ শ্রমিক ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের আলীগঞ্জে বিক্ষোভ মিছিল বের করে এবং সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও এলোপাথাড়ি ট্রাক রেখে যান চলাচল বন্ধ করে দেয়।”
বেলা ১১টার দিকে পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে আবার যান চলাচল শুরু হয়।
গুলির ঘটনায় সকাল পর্যন্ত কেউ মামলা করেনি উল্লেখ করে ওসি বলেন, “আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১২৩৮ ঘ.
bdnews24