গাজীপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের নুহাশপল্লীতে নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেছেন তার চার সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ ও নুহাশ হুমায়ূন।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনারা বেলা ২টার দিকে এসেছেন। স্যারের কবর জিয়ারত করেছেন। সাথে স্যারের নাতনিও আছেন।”
নোভা, শীলা ও নুহাশ গত মঙ্গলবার বাবার দাফনের সময় উপস্থিত থাকলেও যুক্তরাষ্ট্রে অবস্থান করায় বিপাশা তখন আসতে পারেননি।
হুমায়ূনের প্রথম স্ত্রী গুলতেকিন খান ও বিপাশা বৃহস্পতিবার দেশে পৌঁছান। তবে ছেলেমেয়েদের সঙ্গে নুহাশ পল্লীতে আসেননি গুলতেকিন।
এ সময় হুমায়ূনের চার সন্তানের সঙ্গে নোভার স্বামী মো. আরশাদ আলী, দুই মেয়ে আরিশা ও আনুভা, শিলার স্বামী অপু ও তাদের মেয়ে অনোরাসহ স্বজনরা ছিলেন।
বাবার কবরের পাশে দাঁড়িয়ে বিপাশা তার ভাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।
কবর জিয়ারত শেষে বাবার বাংলোয় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা তারা। এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কোনো কথা বলেননি।
হুমায়ূনের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন দুই দিন নুহাশ পল্লীতে কাটিয়ে বৃহস্পতিবার ঢাকায় ফিরে যান। স্বামীর দাফনের পর থেকে সেখানেই ছিলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে হুমায়ূনের কবর জিয়ারত করে ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে মা সংসদ সদস্য তহুরা আলীর সঙ্গে ঢাকার পথে রওনা হন শাওন।
সাইফুল ইসলাম বুলবুল জানান, নুহাশ পল্লীতে হুমায়ূনের দাফনের পর থেকে প্রতিদিনই ভক্তরা আসছেন, কবর জিয়ারত করছেন।
শুক্রবারও অনেককে প্রিয় লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়।
জাপানি সহায়তা সংস্থা জাইকার কর্মকর্তা মো. সিরাজ উল্লাহ সকাল ১০টার দিকে নুহাশ পল্লীতে যান হুমায়ূনের কবর জিয়রত করতে। এ সময়ে তিনি বলেন, “বাংলা সাহিত্যে হুমায়ূন স্যারের বহু অবদান রয়েছে। তার আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত করতে এসেছি।”
ময়মনসিংহের ভালুকা থেকে সন্তানদের নিয়ে রুখসানা আক্তার এসেছিলেন নুহাশ পল্লীতে। তিনি বলেন, টিভি ও সিনেমা দেখে তার সন্তানরাও হুমায়ূন আহমেদের ভক্ত হয়ে উঠেছে।
লেখকের কবরে শ্রদ্ধা জানানো শেষে বাউল শিল্পী হালিম সরকার বলেন, “স্যারের বিভিন্ন নাটকে আমার গাওয়া চারটি গান রয়েছে। আমি তাকে অনেক কাছ থেকে দেখেছি। এমন লোক আর পাওয়া যাবে কি না জানি না।”
বৃহস্পতিবার রাতে নিউ ইউয়র্কের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত কথা সাহিত্যিক হুমায়ূন। মরদেহ সোমবার দেশে আনার পর মঙ্গলবার তার নিজের হতে গড়া নুহাশ পল্লীতে সমাহিত করা হয় তাকে।
১৯৭৩ সালে হুমায়ূন আহমেদের সঙ্গে গুলতেকিনের বিয়ে হয়। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এর দু’বছরের মাথায় শাওনকে বিয়ে করেন হুমায়ূন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮৩৫ ঘ.
bdnews24