২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে সাংবাদিকদের প্রবেশে এখনও বাধা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও খবর সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছে সাংবাদিকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও খবর সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছে সাংবাদিকেরা। অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন বলেন, “শুক্রবার সকালে দুটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটে আনসাররা তাদের বাধা দেয়।” বৃহস্পতিবার সাংবাদিক ও চিকিৎসক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন বৈঠকের মধ্যস্থতাকারী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। শুক্রবার বিভিন্ন গণমাধ্যমের মেডিকেল প্রতিনিধিরা দাবি করেন, শিক্ষানবিশ চিকিৎসকেরা বৈঠকের সিদ্ধান্ত মানছে না। তারা বলেন, শুক্রবার সকালে দুটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে জরুরি বিভাগের গেটে আনসাররা ঢুকতে দেওয়ার নির্দেশ নেই বলে জানান। পরে সাংবাদিকরা চলে আসে। সাংবাদিকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মুশফিকুর রহিমের সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি ধৈর্য্য ধরতে বলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায় দেয়ালে ও জরুরি বিভাগের গেটের সামনে এখনও সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কথা লেখা সাইনবোর্ড ঝুলছে। অপরাধ বিষয়ক সংবাদিকরা এ নিয়ে দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফিসে জরুরি বৈঠক করেন। বুধবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ফটকের কাছে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় অন্তত ২০ সাংবাদিক আহত হন। কয়েকটি টেলিভশন চ্যানেলের ক্যামেরাও ভেঙে ফেলা হয়। বুধবারের ঘটনায় আহত সাংবাদিকরা রাতেই দুটি মামলা ও তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অন্যদিকে চিকিৎসকদের পক্ষ থেকে সাংবাদিকদের বিপক্ষে মামলা করা হয়েছে শাহবাগ থানায়। বৃহস্পতিবারের মধ্যস্থতা বৈঠকে উভয়পক্ষের দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিকদের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার কাগজপত্রে মামলার বাদিরা শুক্রবার দুপুরে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন একটি মামলার বাদি এবিসি রেডিওর মেডিকেল প্রতিনিধি আজিমুদ্দিন চৌধুরী বুলবুল। তিনি বলেন, “আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাব এর নেতাদের কথায় ও উপস্থিতিতে মামলা তুলে নেওয়া সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর করেছি। ইফতারের পর দুই পক্ষ থানায় গেলে মামলা তুলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এসইউ/১৬৩২ ঘ.