২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এ মুহূর্তে রাস্তা মেরামতই গুরুত্বপূর্ণ: মন্ত্রী

পদ্মা সেতু দীর্ঘমেয়াদী প্রকল্প হওয়ায় এই মুহূর্তে দেশের সড়কগুলো চলাচলের উপযোগী করাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু দীর্ঘমেয়াদী প্রকল্প হওয়ায় এই মুহূর্তে দেশের সড়কগুলো চলাচলের উপযোগী করাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার মিরপুর থেকে সেনানিবাস হয়ে বিমানবন্দর সড়ক পর্যন্ত ফ্লাইওভার এবং বনানী রেলক্রসিংয়ে ‘ওভারপাস’ নির্মাণের অগ্রগতি পরিদর্শন করে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “এ মুহূর্তে ‘প্রায়োরিটি’ পদ্মা সেতুর চেয়ে রাস্তাঘাট সংস্কারে বেশি। পদ্মা সেতু ‘লং টার্ম প্রসেস’, তার আগে রাস্তাঘাট চলাচলের উপযোগী করে তুলতে হবে।” ঈদের আগেই মহাসড়কসহ সব রাস্তাঘাট চলাচলের যোগ্য করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঈদের সময় যাত্রীদের যাতে দুর্ভোগে পড়তে না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্মাণ কাজ পরিদর্শন শেষে ওবায়দুল কাদের আশা প্রকাশ করেন, আগামী মার্চে ফ্লাইওভার এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বনানী রেলক্রসিংয়ের ‘ওভারপাস’ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে। দুই কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হলে মহানগরীর যানজট কমে আসবে বলেও আশা প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী। পদ্মা সেতু প্রকল্প নিয়ে ‘কিছু বলার নেই’ মন্তব্য করে মন্ত্রী বলেন, নির্মাণ শুরুর দিনক্ষণ ঠিক হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কোনো কথা বলা ঠিক হবে না। মেট্রোরেল ও এলিভেটেট এক্সপ্রেসওয়ে যোগাযোগ মন্ত্রী জানান, চলতি অর্থ বছরেই মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুর করা হবে। আর মেট্রোরেল প্রকল্পের ঋণের জন্য জাইকার সঙ্গে ‘যে কোনো সময়’ আলোচনা শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী রাজধানীর ঢাকায় ২০ কিমি দীর্ঘ এই মেট্রোরেল রুটে ১৬টি স্টেশন থাকবে বলেও তিনি উল্লেখ করেন। মেট্রোরেল স্থাপনে ইতোমধ্যে ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ’ নামে একটি নতুন সংস্থা গঠন করেছে সরকার। গত ৮ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আইন জাতীয় সংসদে পাস হয়। মন্ত্রিসভা গত ৯ ফেব্রুয়ারি মেট্রোরেল প্রকল্পের সাংগঠনিক কাঠামো (এসপিও) অনুমোদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএএইচ/জেকে/১৫২৪ ঘ.