কুষ্টিয়া, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের পাঁচঘণ্টা পর কুষ্টিয়া মেডিক্যাল কলেজের দুই ছাত্রের লাশ পাওয়া গেছে।
শুক্রবার দুপুর ২টার দিকে গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন এমবিবিএস ১ম বর্ষের ছাত্র ফরিদুল ইসলাম মিলন ও শাহজালাল মুজুমদার রিফাত। সন্ধ্যা ৭টার দিকে তাদের লাশ পাওয়া যায়।
কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনা থেকে আসা ডুবুরিরা তাদের মৃতদেহ উদ্ধার করে।
তিনি বলেন, দুপুরে এমবিবিএস ১ম বর্ষের ১০ শিক্ষার্থী নদীতে গোসল করতে যান। এ সময় স্রোতে পাঁচ জনকে ভাসিয়ে নেয়। স্থানীয়রা তিন ছাত্রীকে উদ্ধার করলেও এ দুজন ডুবে যান।
উদ্ধার হওয়া তিন ছাত্রী নুসরাত আলভী, শারমীন কাকলী ও মনামীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ইফখারুল মাহমুদ বলেন, ঘটনাটি কিভাবে ঘটল তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
এ বিষয়ে একজন সহযোগী অধ্যাপকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়েছে। সাত দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবেন।
নিহত ফরিদুল ইসলাম মিলনের বাড়ি দিনাজপুর। শাহজালাল মুজুমদার রিফাত কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত শাজাহান আলীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24