২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকার জাল নোটসহ ৬ জন গ্রেপ্তার

সাদা কাগজের ওপর এক হাজার টাকার নকশা ছাপানোর পাশাপাশি একশ টাকার নোট সাবান দিয়ে ধুয়ে তার ওপর পাঁচশ টাকার নকশা ছাপিয়ে বাজারে ছাড়তেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 08:31 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মুগদা এলাকা থেকে এক কোটি টাকার জাল নোটসহ জালিয়াতচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত সময়ে ওই এলাকার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সেলিম (৩০), জালাল উদ্দিন (৪৫), আবিদ মিয়া ( ৪২), শহীদুল ইসলাম (৩০), তার স্ত্রী মরিয়ম বেগম (২০) ও রোজিনা বেগম (৩০)। শুক্রবার দুপুরে জাল নোটসহ তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) মশিউর রহমান বলেন, “সেলিম জাল নোট তৈরি করতো। বাকি পাঁচজন এসব নোট বিভিন্ন স্থানে চালানোর ব্যবস্থা করতো। মশিউর রহমান জানান, অভিযানের শুরুতে সেলিমকে দক্ষিণ মুগদার একটি বাসা থেকে একটি ল্যাপটপ, প্রিন্টার ও টাকা জাল করার সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। ওই বাসাতেই পাওয়া যায় এক কোটি টাকার জালনোট। গোয়েন্দা কার্যালয়ে সেলিম সাংবাদিকদের বলেন, বাবুল নামে এক ‘ইঞ্জিনিয়ারের’ কাছ থেকে তিনি ‘এ প্রযুক্তি’ শিখেছেন। কম্পিউটার সম্পর্কে তার তেমন কোনো ধারণা না থাকলেও ‘কাজটি’ তিনি শিখে নিয়েছেন। ‘সেই ইঞ্জিনিয়ার’ বর্তমানে রংপুর এলাকায় বসবাস করেন বলে জানান তিনি। “আমি দুইভাবে টাকা নকল করি। বাজার থেকে একশ টাকার নোট সংগ্রহ করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। পরে ওই নোটের ওপর পাঁচশ টাকার নকশা ছাপিয়ে আবার বাজারে ছাড়া হয়।” এ টাকা ‘ধরা খাওয়ার’ আশঙ্কা কম থাকে বলে মন্তব্য করেন সেলিম। আর দ্বিতীয় পদ্ধতি হলো, কাগজ কিনে তার ওপর এক হাজার টাকার নকশা ছাপানো হয়। তবে তা পাঁচশ টাকার নোটের মতো ‘জুতসই’ হয় না বলে তিনি জানান। সেলিম সাংবাদিকদের বলেন, দলের বাকি পাঁচজনকে দিয়েই নকল টাকা বাজারে ছাড়া হতো। এক বছর ধরে তিনি এ কারবার চালিয়ে আসছেন। শহীদুল ও মরিয়ম সাংবাদিকদের বলেন, সেলিমের কাছ থেকে জাল টাকা নিয়ে তারা বিভিন্নভাবে ‘বাজারে ছাড়তেন’। এ জন্য তারা সেলিমের কাছ থেকে কমিশন নিতেন। রোজিনাও একইভাবে নকল টাকা বাজারে চালানোর কথা স্বীকার করেন সাংবাদিকদের সামনে। জালাল জানান, তিনি সপ্তাহে এক থেকে দেড়লাখ টাকার জাল নোট দেশের বিভিন্ন স্থানে ‘সরবারাহ’ করে থাকেন। ঈদ সামনে রেখে এবার বেশি নোট জাল করা হচ্ছিল বলে সেলিম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৪২৫ ঘ.