গাজীপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জে একরাতে তিন বাড়ি থেকে ডাকাতরা অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
বুধবার রাতে রাথূরা গ্রামে এ ডাকাতি হয় বলে জানায় পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন সাংবাদিকদের বলেন, রাত আনুমানিক ১টায় সৌদি আরব ফেরত ব্যবসায়ী বজলুর রহমান দিনু ও গোলজার রহমান জজের বাড়িতে ১০-১২ জনের ডাকাত দল হানা দেয়। ডাকাতরা সিমেন্টের খুটি দিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে মারধর করে বেঁধে ফেলে।
পরে তারা দুই বাড়ি থেকে সাড়ে ১০ লাখ টাকা, ২১ ভরি স্বর্ণালঙ্কার ও কয়েকটি মোবাইল ফোন ও ঘড়ি লুট করে নিয়ে যায়।
এর আগে ডাকাত দল একই গ্রামের ফজলুর রহমানের বাড়িতে হানা দিয়ে নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদের মারধরে এসময় এক গৃহবধূ আহত হন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১১১ ঘ.
bdnews24