ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলাকাভেদে জমির মূল্য তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা নিয়ে জারি করা একটি রুলের শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. রুহুল কুদ্দুস এই আদেশ দেন।
আদেশের পর অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূমি নিবন্ধন মহাপরিদর্শককে আগামী ৭ অগাস্টের মধ্যে এ তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
এছাড়া একই সময়ের মধ্যে বাড়ি ভাড়া নিয়ন্ত্রক নিয়োগ সংক্রান্ত আদেশের গেজেটেড কপি দাখিল করতে আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত ঢাকার জেলা রেজিস্ট্রারকে আদেশ দেওয়া হয়।
এর আগে ২০১০ সালের ১৭ মে হাইকোর্ট বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা নিয়ে একটি রুল জারি করে।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের বিধি-বিধান কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে রিটে বিবাদী করা হয়।
রিট আবেদনে ঢাকা সিটি করাপোরেশন নির্ধারিত বাড়ি ভাড়া কার্যকরের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের আওতায় এ বিষয়ে বিধি প্রণয়নেরও নির্দেশনা চাওয়া হয়।
আবেদনে বলা হয়, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে ভাড়ার রশিদ, বাড়ি ছাড়ার নোটিশ দেওয়াসহ বিভিন্ন বিধান রয়েছে। কিন্তু অনেক বাড়িওয়ালা আইনের কোনো তোয়াক্কা না করে ইচ্ছামতো ভাড়া বাড়ান, যখন-তখন বাড়ি ছাড়ার নোটিশ দেন। এমনকি তারা ভাড়াটেদের বাড়ি ভাড়ার রশিদ দেন না।
ঢাকা সিটি কর্পোরেশনের নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী বাড়ি ভাড়া আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও আবেদনে অভিযোগ করা হয়।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর এক হিসাব অনুযায়ী, বাড়ি ভাড়া ঢাকায় ২০০৩ সালে ৮ দশমিক ৪ শতাংশ, ২০০৪ সালে ৯ দশমিক ৯৬, ২০০৫ সালে ৭ দশমিক ৮৯, ২০০৬ সালে ১৪ দশমিক ১৪ এবং ২০০৭ সালে ২১ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৮৪৫ ঘ.
bdnews24