২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ হাজার টাকা তুলেছিল রাবি ছাত্রলীগ

পদ্মা সেতু নির্মাণের জন্য তোলা অর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে গণনা করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

রাবি, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণের জন্য তোলা অর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে গণনা করেছে ছাত্রলীগ। এই অর্থ নিয়ে কোন্দলের জের ধরে এক শিক্ষার্থী নিহত হওয়ার নয়দিন পর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে প্রক্টরের কার্যালয়ে ওই অর্থ তোলার বাক্সগুলো নেওয়া হয়। ছাত্রলীগ নেতারা বলেছেন, এই অর্থ পদ্মা সেতু নির্মাণের জন্য সরকারি ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে। বিকালে প্রক্টর কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু উপস্থিত হয়ে অর্থ তোলার ৩১টি বাক্স সাংবাদিকদের সামনেই খোলেন। প্রক্টর চৌধুুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণনায় দেখা গেছে, মোট ৩৫ হাজার ৮৯৯ টাকা ৫০ পয়সা উঠেছে। গণনা শেষে বাক্সগুলো সিলগালা করে দেওয়া হয়েছে, যাতে কেউ আর অর্থ সংগ্রহ না করে।” “বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমি ওই অর্থ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দিয়েছি। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে তা জমা দিতে বলা হয়েছে,” বলেন তিনি। আবু হুসাইন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে আরো ১০ হাজার টাকা দিয়ে সংগৃহিত সব অর্থ অর্থ মন্ত্রণালয়ের খোলা হিসাবে জমা দেব।” বিশ্ব ব্যাংকের সরে যাওয়ার পর সরকার দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিলে গত ১২ জুলাই সেতুর নির্মাণে তহবিল সংগ্রহে নামে রাবি ছাত্রলীগ। ওই অর্থ কার কাছে থাকবে- এনিয়ে ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষ ১৫ জুলাই সংঘর্ষে লিপ্ত হয়। তাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ছাত্রলীগকর্মী আব্দুল্লাহ আল হাসান সোহেল। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থ তোলা বন্ধের নির্দেশ দেয়। অর্থমন্ত্রীও এভাবে অর্থ তোলার সমালোচনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৫ ঘ.