ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) ২০১০ সালে প্রায় সাড়ে তিন লাখ টন কার্বন নির্গমন হয়েছে। ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) এক সমীক্ষায় এই তথ্য বেরিয়ে এসেছে।
সংস্থাটি বলছে, পরিবেশবান্ধব যুৎসই ব্যবস্থা নিলে কার্বন নির্গমনের হার অনেক নামিয়ে আনা সম্ভব।
আইএফসির ওই সমীক্ষা প্রতিবেদনে বেশকিছু উদহারণ টেনে বলা হয়, সিইপিজেডের ১৬৭টি শিল্প কারখানার মধ্যে সাতটিতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তা ওই এলাকায় সরবরাহকরা বিদ্যুতের ২৪ শতাংশ। এ ছাড়া একই সংখ্যক কারখানায় ব্যবহৃত হয় ৩২ শতাংশ গ্যাস।
বিদ্যুত সাশ্রয়ের ক্ষেত্রে এলইডি বাতিনির্ভর হওয়ার পথও বাতলে দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে।
“এলইডি লাইট ব্যবহার করা হলে বছরে ২৭ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। আর বিকিরিত তাপ বাতাসে ছেড়ে দেওয়ার পরিবর্তে বয়লার স্টিমে কাজে লাগানো হলে গ্যাসের বিপুল অপচয় রোধ করা সম্ভব।”
বর্তমানে এই রপ্তানি প্রক্রিয়াজতকরণ অঞ্চলে ১৭৪ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ এবং ৭০ দশমিক ৬০ মিলিয়ন ঘন ফুট গ্যাসের চাহিদা রয়েছে।
এসব বিষয়ে আইএফসি’র জ্যেষ্ঠ কর্মকর্তা হ্যান-কো ইয়েয়ো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্যাস ও বিদ্যুতের খরচ কমাতে সব সময়ই যে বিনিয়োগের প্রয়োজন বিষয়টি তেমন নয়। শুধু কর্মীদের আসন ব্যবস্থাপনা করেই বিপুল পরিমাণ বিদ্যুত সাশ্রয় সম্ভব।”
সাশ্রয়ের উদহারণ তুলে ধরে তিনি বলেন, একটি ফ্লুরোসেন্ট বাতিতে যে সময়ে ৩৬ ওয়াট বিদ্যুৎ খরচ হয় একই সময়ের জন্য এলইডি বাতিতে খরচ হয় মাত্র ২২ ওয়াট।
জ্বালানি নিরাপত্তা
আইএফসির প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন ও চাহিদার মধ্যে ২০ শতাংশ ব্যবধান থাকবে। অন্যদিকে গ্যাসের ক্ষেত্রে এই মাত্রা হবে ৫০০ মিলিয়ন ঘন ফুট।
হ্যান-কো ইয়েয়ো বলেন, “বাংলাদেশের শিল্প খাত এখন জ্বালানি নিরাপত্তা সমস্যার মধ্যে রয়েছে। সেই সঙ্গে ভর্তুকি প্রত্যাহার করায় প্রতিনিয়ত তাদের বিদ্যুতের খরচ বাড়ছে।”
অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতারা পরিবেশবান্ধব প্রতিষ্ঠানগুলোকেই বেশি যুৎসই মনে করছে। সেক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তিমুখী হওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে আইএফসির প্রতিবেদনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/২৩৪০ ঘ.
bdnews24