২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ওপর হামলা তদন্তে কমিটি হচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। বুধবার দুপুরের ওই হামলার পর বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঘটনা তদন্তে একজন যুগ্মসচিবের নেতৃত্বে কমিটি গঠন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ফটকের কাছে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় কয়েকজন সাংবাদিক আহত হন। কয়েকটি টেলিভশন চ্যানেলের ক্যামেরাও ভেঙে ফেলা হয়। সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন রুহুল হক। গত ২২ জুলাইও ঢাকা মেডিকেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালায় শিক্ষানবিশ চিকিৎসকরা। কয়েকটি ক্যামেরাও সেদিন ভাংচুর করে তারা। এর রেশ ধরে বুধবারও হামলা হয়। ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক আবু সুফিয়ান জানান, রিপন নামের এক রোগী চিকিৎসায় অবহেলার অভিযোগ আনায় সাংবাদিকরা দুপুরে খবর সংগ্রহ করতে ঢাকা মেডিকেলে যান। এ সময় ‘ইন্টার্ন’ চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীরা মিলে সংবাদকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক নাসিরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক আলমগীর হোসেন, ফোকাস বাংলার আলোকচিত্র সাংবাদিক বাদশা ও সমকালের আলোকচিত্র সাংবাদিক নয়নসহ বেশ কয়েকজন আহত হন। তবে হামলার সময় পুলিশ নিরব ভূমিকা পালন করে বলে অভিযোগ করেছেন ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মুনীরুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি দেখছি।” এদিকে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএসটি/এসডব্লিউ/এমআই/২০৩০ ঘ.