২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিদুপুরে ঘুমঘরে হুমায়ূন

জোছনার মতোই বর্ষার প্রতি তীব্র অনুরাগী ছিলেন তিনি। শেষ বিদায়ের দিনেও শ্রাবণের জলধারায় আপনজন আর পাঠক-ভক্তদের অশ্রুতে সিক্ত হয়ে নুহাশ পল্লীর সবুজ ঘেরা প্রকৃতির মাঝে চিরঘুমে গেলেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদ।

আশিক হোসেন

মামুনুর রশীদ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 04:47 PM

Updated : 25 Apr 2022, 09:33 PM

মঙ্গলবার দুপুর আড়াইটায় দাফন শেষে লেখকের ভাই অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল হুমায়ূনের বর্ষাপ্রেমের বিষয়টি তুলে ধরে বললেন, “তার ভীষণ পছন্দের বিষয় ছিল বৃষ্টি। বৃষ্টির মাঝেই তার জানাজা ও দাফন হয়েছে। নিউ ইয়র্কে জানাজার সময়ও বৃষ্টি হয়েছে। এখানেও তাই।”

হুমায়ূনের বিভিন্ন রচনায় বর্ষার প্রতি তার তীব্র অনুরাগের বিষয়টি ঘুরে ফিরে এসেছে। তুমুল জনপ্রিয় চরিত্র হিমুকেও জোছনার মতই বর্ষাপ্রেমে কাতর হতে দেখা যায়। নুহাশ পল্লীতে বৃষ্টি উপভোগের জন্য ‘বৃষ্টি বিলাস’ নামে একটি রেস্টহাউজও বানিয়েছেন লেখক।

সকাল থেকেই দূর-দূরান্ত থেকে হুমায়ূনের এই বাগানবাড়িতে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছিলেন ভক্ত-পাঠক, বন্ধু-স্বজন ও স্থানীয় বাসিন্দাসহ হাজারো মানুষ। কেউ কেউ এসেছিলেন হলুদ পাঞ্জাবি গায়ে, যেন হিমু তাকে বিদায় জানাতে এসেছেন।

হিমুভক্ত হাসান শাহরিয়ারের অশ্রু যেন বলছে- ‘তোমার সৃষ্টিকেও নিয়ে গেলে হে লেখক’। অনুভূতি জানাতে গিয়ে বললেন, “আমার খুব কষ্ট হচ্ছে। তার বিদায়ের সঙ্গে সঙ্গে হিমুও যে চিরদিনের মতো বিদায় নিল।”

একই কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী দৃষ্টির কণ্ঠে। তিনি বললেন, “ওনার মৃত্যুর সঙ্গে ওনার সৃষ্ট চরিত্রগুলোরও মৃত্যু হয়েছে। আমরা তো ওই চরিত্রগুলোকে আর পাব না, ভাবতেই কষ্ট হচ্ছে।”

গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। সেখানেই তার প্রথম জানাজা হয়। সোমবার সকালে দেশে পৌঁছনোর পর মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ মিনারে হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

এরপর জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার পর বারডেম হাসপাতালের হিমঘর রাখা হয় লেখকের মরদেহ।

মঙ্গলবার দাফনের বিষয়টি চূড়ান্ত হলেও লেখককে কোথায় সমাহিত করা হবে তা নিয়ে গভীর রাত পর্যন্ত টানাপোড়েন চলে পরিবারের সদস্যদের মধ্যে। হুমায়ুনের বর্তমান স্ত্রী মেহের আফরোজ শাওন নুহাশ পল্লীতে স্বামীর কবর চাইলেও সাবেক স্ত্রী গুলতেকিন আহমেদের সন্তানরা তাদের বাবাকে ঢাকায় দাফনের পক্ষে মত দেন।

পরিবারের মধ্যে মতদ্বন্দ্বের অবসানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা কয়েক দফা দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন।

এরপর রাত আড়াইটার দিকে সংসদ ভবন এলাকায় নানকের বাড়ি থেকে বেরিয়ে হুমায়ূনের ভাই মুহম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, নুহাশ পল্লীতেই দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

নুহাশ পল্লীতে লেখকের দাফনের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানতে পেরে নুহাশ পল্লীতে ছুটে যাওয়া মানুষের কাতারে শুধু শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির মানুষ ছিলেন, বিষয়টি কিন্তু তেমন নয়।

গাজীপুরের পিরুজালী গ্রামের গৃহবধূ তসলীমার মতো তার নাটকের অসংখ্য দর্শক-শ্রোতা উপস্থিত হন বৃষ্টি মাথায়। শিশু কন্যাকে কোলে নিয়ে হাঁটতে থাকা তসলীমার যেন তর সইছিল না।

হুমায়ূন সম্পর্কে জানতে চাইলে বললেন, “তার বই পড়ি নাই, তয় সব নাটক দেখছি। কষ্টের মাঝেও আনন্দ করার হাজারটা পথ দেখাইয়া গেছেন তিনি।”

একই গ্রামের চা বিক্রেতা হাশেম আলী হুমায়ূনের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রটি দেখেছেন। ছবিটির মূল নারী চরিত্র ‘কুসুমের’ মৃত্যুদৃশ্যের বর্ণনা করতে করতে বাষ্পরুদ্ধ কন্ঠে বললেন, “এমন বিখ্যাত একজন লোকের কবর আমাদের গ্রামে হচ্ছে এইটা আমাদের সৌভাগ্য।”

নুহাশপল্লীতে দাফনের সময় দুই সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে ছিলেন শাওন। ছিলেন বড় তিন সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ ও নুহাশ হুমায়ূনও। ভাই জাফর ইকবালের পাশাপাশি আহসান হাবীবও ছিলেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া থেকে পিরুজালী গ্রামের নুহাশ পল্লী পর্যন্ত প্রায় আট কিলোমিটার পথ। বর্ষায় কাদামাটিতে মাখামাখি গোটা পথে দাফনের আগ থেকে যে জনস্রোত ছিলো দাফন পরবর্তী দুই ঘণ্টাতেও যেন তা শেষ হতে চাইছিল না। কাদা আর বৃষ্টিপানিতে মাখামাখি মানুষগুলোর মুখে তবুও বিরক্তির কোনো চিহ্ন দেখা গেলো না। ছিল খানিকটা বিষণœতা, ঠিক যেন বৃষ্টির অপেক্ষায় থাকা মেঘ থম থম আকাশের মতো।


• শেষ শয্যায় হুমায়ূন

• বৃক্ষছায়ায় চিরনিদ্রায় হুমায়ূন

• হুমায়ূনের জানাজায় হাজারো মানুষ

• বৃষ্টি মাথায় মানুষের ঢল

• নুহাশপল্লীর পথে হুমায়ূন

• হুমায়ূনের অপেক্ষায় নুহাশ পল্লী

• অবশেষে নুহাশ পল্লীতেই শেষ শয্যা

• ‘নুহাশ পল্লী যেন কবরস্থান না হয়’

• হুমায়ূনের স্বপ্ন পূরণ করব: শাওন

• রাতে নুহাশ পল্লীতে থাকছেন শাওন