২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার প্রক্রিয়ায় ধীর গতিতে জনগণ হতাশ: মজিনা

বাংলাদেশে বিচার প্রক্রিয়ায় ধীরগতিতে মানুষের অসন্তোষের চিত্র ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার চোখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিচার প্রক্রিয়ায় ধীরগতিতে মানুষের অসন্তোষের চিত্র ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার চোখে। এই কারণ আইন হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে প্ররোচনা যোগায় বলে মনে করেন তিনি। মজিনা মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, “বিচার সম্পন্ন করার প্রক্রিয়া এত মন্থর যে তা অনেক সময় নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য করে।” এই সময় র‌্যাব নিয়েও কথা বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, যে সংস্থাটির কার্যক্রমের সমালোচনা সম্প্রতি তার দেশের কংগ্রেসেও করা হয়েছে। মজিনা বলেন, র‌্যাবের অভ্যন্তরীণ তদন্ত শাখাকে শক্তিশালী করতে ওয়াশিংটন আবারো একজন বিশেষজ্ঞকে ঢাকায় পাঠাবে। তিনি বলেন, “এ বিষয়ে আমরা চার মাসের জন্য র‌্যাবের ভেতরে একজন বিশেষজ্ঞকে যুক্ত করেছিলাম। আশা করি, একই বিশেষজ্ঞকে ওই শাখা শক্তিশালী করার জন্য আবারো যুক্ত করা হবে।” মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে র‌্যাব সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে এই শাখা স্থাপন করা হয়। মজিনা বলেন, মানবাধিকারের বিষয়ে জনসচেতনতা তৈরিতে জাতীয় মানবাধিকার কমিশন ভূমিকা রাখতে পারে। তবে স্বল্প লোকবল নিয়ে সংস্থাটির পক্ষে এই কাজটি কঠিন বলেও স্বীকার করেন তিনি। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অন্যতম উদ্বেগের বিষয় শ্রমিক নেতা আমিনুল হত্যাকাণ্ডের বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি ও তার সহকর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে দেখা করে এই ঘটনার তদন্তে অগ্রগতি তুলে ধরতে বলেছেন। তিনি বলেন, “এরকম একটা স্পর্শকাতর বিষয়ে তিনি শুধু বলতে পারেন না যে তদন্ত চলছে। তাকে অবশ্যই কিছু মূর্ত বিষয় উপস্থাপন করতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/২২২৪ ঘ.