মৌলভীবাজার, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি রাবার বাগান রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন শ্রমিকরা।
বাংলাদেশ বনশিল্প কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ভাটেরা রাবার বাগানের শ্রমিকরা মঙ্গলবার এ কর্মসূচি পালন করেন।
এ সময় তারা বাগানটির কয়েক হাজার গাছ থেকে চুরি করে কষ আহরণ (টেপিং) বন্ধসহ ১০ দফা দাবি উপস্থাপন করেন।
ভাটেরা রাবার শ্রমিক লীগের সহ-সভাপতি মুনির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক চৌধুরী, ইউপি সদস্য পাখি মিয়া, রাবার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইউছুফ খান, জমির আলী ও জলাল মিয়া।
রাবার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইউছুফ খান বলেন, ভাটেরা রাবার বাগানে চোরেরা কয়েক হাজার গাছে এলোমেলোভাবে ‘টেপিং’ করে লাখ লাখ টাকা মূল্যের কাঁচা রাবার চুরি করে নিয়ে যাচ্ছে।
এতে সরকারের বর্তমান উৎপাদন যেমন কম হচ্ছে, তেমনি ভবিষ্যতে গাছ মরে গিয়ে স্থায়ীভাবে উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া চাহিদা মতো কষ উত্তোলন করতে না পেরে শ্রমিকরাও বিপাকে পড়েছেন।
ভাটেরা রাবার বাগানের সহকারী ব্যবস্থাপক আফতাব উদ্দিন রাবার কষ চুরির সত্যতা স্বীকার করে বলেন, চুরি রোধ করা গেলে এ বাগান থেকে বছরে আরো অন্তত এক কোটি টাকা বাড়তি আয় করা সম্ভব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৪ ঘ.
bdnews24