২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিক্ষার্থী আহতের পর বাসে আগুন-ভাংচুর

দুর্ঘটনায় চার শিক্ষার্থী আহত হওয়ার পর দুটি বাস পুড়িয়ে দেওয়ায় বরিশালের চর কাউয়া থেকে ছয়টি রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

বরিশাল, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় চার শিক্ষার্থী আহত হওয়ার পর দুটি বাস পুড়িয়ে দেওয়ায় বরিশালের চর কাউয়া থেকে ছয়টি রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার চরকাউয়া ও বাকেরগঞ্জ উপজেলার গোমা রুটে বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে আতাহারউদ্দিন হাওলাদার কলেজের চার শিক্ষার্থী আহত হয় বলে পুলিশ জানিয়েছে। গাইনবাড়ি এলাকায় ওই দুর্ঘটনার পর স্থানীয়রা দুটি বাসে আগুন দেয় এবং ভাংচুর করে কয়েকটি বাস। ওই সময় মারধর করা হয় এক বাসচালককেও। এরপর চরকাউয়া থেকে চলাচল করা ছয় রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানায়, গোমা বাস স্ট্যান্ড থেকে জহিরুল এন্টারপ্রাইজের একটি বাস চরকাউয়া ফেরিঘাট যাচ্ছিল। পথে বোর্ড স্কুল সংলগ্ন গাইন বাড়ির সামনে এটি একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা চার কলেজ শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন- কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শাহনাজ আক্তার, পিপাসা, সীমা ও প্রথম বর্ষের ছাত্র রায়হান। এর মধ্যে শাহনাজকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী গোমা বাসস্ট্যান্ডে থাকা আল-আকসা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। নসিমনকে ধাক্কা দিয়ে চলে যাওয়া বাসটিও বাকেরগঞ্জের চরামদ্দি এলাকায় আটকে এতেও আগুন দেওয়া হয়। পরে দমকলকর্মীরা গিয়ে আগুন নেভায়। বিক্ষুব্ধ জনতা ওই সময় আরো দুটি বাস ভাংচুর করে। মারধর করে দুর্ঘটনার জন্য দায়ী বাসের চালক আব্দুল মান্নানকে। তাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি নুরুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত হলেও চরকাউয়া থেকে লাহারহাট ফেরিঘাট, গোমা, চন্দ্রমোহন, কাটাদিয়া, হলতা ও নেহালগঞ্জ রুটের সব বাস চলাচল বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৭ ঘ.