ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে স্থানটি ছিল তার নিজের ‘জীবনের চেয়েও’ প্রিয় সেই নুহাশ পল্লীতেই শেষ শয্যা হচ্ছে নন্দিত লেখক হুমায়ূন আহমেদের।
প্রায় এক যুগ আগে বড় ছেলে নুহাশের নামে গাজীপুরে গড়ে তোলা এই বাগান বাড়িতে একটি লিচু গাছও হুমায়ূন এক সময় দেখিয়ে গিয়েছিলেন, যার নিচে তিনি চিরনিদ্রায় শায়িত হতে চান।
মঙ্গলবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘর থেকে হুমায়ূনের মরদেহ নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হয় একটি অ্যাম্বুলেন্স। ওই অ্যম্বুলেন্সের সঙ্গেই বেলা ১২টা ৫ মিনিটে নুহাশ পল্লীতে পৌঁছান লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তাদের দুই সন্তান নিষাদ ও নিনিত।
এর কিছুক্ষণ আগেই হুমায়ূনের প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের ছেলে নুহাশ আহমেদ, মেয়ে শীলা ও নোভা এবং লেখকের ভাই মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব এবং তাদের দুই বোন নুহাশপল্লীতে পৌঁছান।
নুহাশ পল্লীর ভাস্কর আসাদুজ্জামান খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাতে ঢাকায় পরিবারের সদস্যরা লেখকের দাফনের স্থান চূড়ান্ত করার পর সকালেই তারা প্রস্তুতি নিতে শুরু করেন।
তিনি বলেন, “বাদ জোহর আরেকবার জানাজা হবে। তারপর লিচুতলাতেই তার দাফন হবে।”
সকালেই সেখানে কবর খোঁড়া শুরু হয় বলে আসাদুজ্জামান জানান।
এদিকে হুমায়ুন আহমেদকে শেষ বিদায় জানাতে ভক্তরা সকাল থেকেই নূহাশ পল্লীতে ভিড় করতে শুরু করেন। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হলেও তারা অপেক্ষা করতে থাকেন প্রিয় লেখকের জন্য।
গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন সাংবাদিকদের জানান, নুহাশ পল্লী এলাকার আইন শৃঙ্খলা ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারাও সোমবার নুহাশ পল্লী পরিদর্শন করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, হুমায়ুন আহমেদের দাফনের সব প্রস্তুতি জেলা প্রশাসনের রয়েছে।
গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। সোমবার সকালে তার মরদেহ দেশে পৌঁছানোর পর দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে তার জানাজা হয়। মঙ্গলবার দাফনের বিষয়টি চূড়ান্ত হলেও লেখককে কোথায় সমাহিত করা হবে তা নিয়ে গভীর রাত পর্যন্ত মতবিরোধ চলে পরিবারের সদস্যদের মধ্যে।
হুমায়ুনের বর্তমান স্ত্রী মেহের আফরোজ শাওন নুহাশ পল্লীতেই স্বামীর কবর চাইলেও সাবেক স্ত্রী গুলতেকিন আহমেদের সন্তানরা তাদের বাবাকে ঢাকায় দাফনের পক্ষে মত দেন। এই নিয়ে দিনভর টানাপোড়েন চলে।
পরিবারের মধ্যে মতদ্বন্দ্বের অবসানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা কয়েক দফা দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন।
এরপর রাত আড়াইটার দিকে সংসদ ভবন এলাকায় নানকের বাড়ি থেকে বেরিয়ে হুমায়ূনের ভাই মুহম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, নুহাশ পল্লীতেই দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
নানকের বাড়িতে তখন ছিলেন হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রীর তিন সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ ও নুহাশ হুমায়ূন; যারা নুহাশ পল্লীতে বাবার দাফনে আপত্তি জানিয়ে আসছিলেন।
জাফর ইকবালের কথায় স্পষ্ট, তার ভাইয়ের তিন সন্তান মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের পক্ষে থাকলেও কার্যত বাধ্য হয়ে নুহাশ পল্লীতে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন।
“তার প্রথম পক্ষের সন্তানরা খুব করে চাচ্ছিল, তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে। তাহলে তারা সহজে যেতে পারত। দেশের মানুষও সহজে যেতে পারত। আমাদের মা-ও এটা চাচ্ছিলেন। আমরা দিনভর শাওনকে বোঝাতে চেষ্টা করেছি। বোঝাতে পারলে ভাল হত, কিন্তু বোঝাতে পারিনি,” বলেন তিনি।
শাওনের দাবি মেনে নেওয়ার বিষয়ে তিনি বলেন, “তার (হুমায়ূন) সন্তানরা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করতে চাইলেও তারা এটাও চায়নি যে তাদের বাবা বারডেমের হিমঘরে থাকুক। তারা যে কোনোভাবে তাকে মাটির নিচে ফিরিয়ে দিতে চায়। এই জন্য নুহাশ পল্লীতে কবর দেওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছি। আর দেশের মানুষও যেন মনে না করতে পারে যে আমরা তাকে নিয়ে টানা-হেঁচড়া করছি।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাফর ইকবালের সঙ্গে ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস, চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ।
নুহাশ পল্লীতে দাফনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় হুমায়ূনের ধানমণ্ডির বাড়ি দখিন হাওয়ায় অবস্থানকারী শাওন সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২১৫ ঘ.
bdnews24