২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুহাশপল্লীর পথে হুমায়ূন

হুমায়ূনের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন এবং প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের ছেলে-মেয়েদের নিয়ে লেখকের চার ভাইবোন নুহাশপল্লীতে যাচ্ছেন আলাদাভাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 05:23 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের মরদেহ গাজীপুরের নুহাশপল্লীতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে জোহরের পর তাকে দাফন করা হবে। মঙ্গলবার সকাল ৯টায় বারডেম হাসপাতালের হিমঘর থেকে হুমায়ূনের মরদেহ গ্রহণ করেন তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের বাবা প্রকৌশলী মোতাহার হোসেন। ৯টা ২৫ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে কফিন নিয়ে তিনি রওনা হন গাজীপুরের দিকে। এ সময় পরিবারের অন্য কাউকে সেখানে দেখা না গেলেও কিছুক্ষণ পর উত্তরা থেকে শাওন ও তার পরিবরের কয়েকজন সদস্য লাশবাহী গাড়ির সঙ্গে যোগ দেন। এছাড়া হুমায়ূনের প্রথম স্ত্রীর ছেলে নুহাশ আহমেদ, মেয়ে শীলা ও নোভা এবং লেখকের ভাই মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব এবং তাদের দুই বোন আলাদাভাবে নুহাশপল্লীতে যাচ্ছেন। নুহাশ পল্লীর ভাস্কর আসাদুজ্জামান খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাতে ঢাকায় পরিবারের সদস্যরা লেখকের দাফনের স্থান চূড়ান্ত করার পর তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। সকালেই সেখানে কবর খোঁড়া শুরু হয়েছে। তিনি বলেন, “মঙ্গলবার সকালে ঢাকা থেকে স্যারের লাশবাহী গাড়ি গজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাদ জোহর আরেকবার জানাজা হবে। তারপর লিচুতলায় দাফন হবে।” গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। সোমবার সকালে তার মরদেহ দেশে পৌঁছানোর পর দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে তার জানাজা হয়। মঙ্গলবার দাফনের বিষয়টি চূড়ান্ত হলেও লেখককে কোথায় সমাহিত করা হবে তা নিয়ে গভীর রাত পর্যন্ত মতবিরোধ চলে পরিবারের সদস্যদের মধ্যে। হুমায়ুনের বর্তমান স্ত্রী মেহের আফরোজ শাওন নুহাশ পল্লীতেই স্বামীর কবর চাইলেও সাবেক স্ত্রী গুলতেকিন আহমেদের সন্তানরা তাদের বাবাকে ঢাকায় দাফনের পক্ষে মত দেন। এই নিয়ে দিনভর টানাপোড়েন চলে। পরিবারের মধ্যে মতদ্বন্দ্বের অবসানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা কয়েক দফা দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন। এরপর রাত আড়াইটার দিকে সংসদ ভবন এলাকায় নানকের বাড়ি থেকে বেরিয়ে হুমায়ূনের ভাই মুহম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, নুহাশ পল্লীতেই দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। জাফর ইকবালের কথায় স্পষ্ট, তার ভাইয়ের তিন সন্তান মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের পক্ষে থাকলেও কার্যত বাধ্য হয়ে নুহাশ পল্লীতে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন। নুহাশ পল্লীতে কোথায় সমাহিত করা হবে এবং সেখানে নোভা, শীলা ও নুহাশ যাবেন কি না- প্রশ্ন করা হলে জাফর ইকবাল বলেন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। নুহাশ পল্লীতে দাফনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় হুমায়ূনের ধানমণ্ডির বাড়ি দখিন হাওয়ায় অবস্থানকারী শাওন সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডব্লিউ/জেকে/০৯৪০ ঘ.