সুলাইমান নিলয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় সন্তানদের বিরোধিতার মধ্যেই হুমায়ূন আহমেদকে নুহাশ পল্লীতে সমাহিত করার বিষয়ে অনড় স্ত্রী মেহের আফরোজ শাওন।
সোমবার রাত ১০টার দিকে ধানমণ্ডিতে দখিন হাওয়ার ফ্ল্যাটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিজের অনড় অবস্থানের পক্ষে ব্যাখ্যা দেন তিনি।
শাওন বলেন, “জীবিত অবস্থায় যারা হুমায়ূন আহমেদের পাশে দাঁড়ায়নি, পারিবারিক মিটিং করেননি, তাদের অধিকার নেই এখন মিটিং করার। আমার একমাত্র চাওয়া হচ্ছে তার শেষ চাওয়া সবাই যেন পূরণ করে। সেটা করতেই হবে।”
নুহাশপল্লীতে কবর দেওয়ার বিষয়ে আপত্তি জানানোর পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় যান হুমায়ূনের বড় তিন সন্তান।
এসব মিটিং প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, “হুমায়ূন জীবিত থাকতে কেউ পরিবারিক মিটিংয়ের কথা বলেননি। কোথায় তার চিকিৎসা হবে, কোন হাসপাতালে করলে ভালো হবে সে বিষয়ে আলোচনা করতে আসেননি। জীবিত অবস্থায় যারা হুমায়ূন আহমেদের পাশে দাঁড়ায়নি, পারিবারিক মিটিং করেননি তাদের অধিকার নেই এখন মিটিং করার।”
এক পর্যায়ে লেখকের চিকিৎসাকালীন সময়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন হুমায়ূনের স্ত্রী।
“দশ মাস যুদ্ধ করেছি। বারটি কেমো... ও আল্লাহ। এই যুদ্ধে তখন কে ছিল? প্রতিরাতে কার সঙ্গে হুমায়ূন কথা বলতেন? কোনো স্ত্রী, কোনো আত্মীয়-স্বজন অপারেশনের আগের দিন রাতে বলা কথা কি রেকর্ড করে রাখে? আমিও রাখিনি। কিন্তু আমার কাছে তিনি বলেছেন।”
শাওন দাবি করেন হুমায়ূন আহমেদ তার লাশ নিয়ে যেন টানাটানি না হয় সেজন্য তাকে শক্ত থাকতে বলেছিলেন।
“১২ তারিখ সকাল ৫টায় অপারেশনে যাওয়ার আগে তিনি বলছিলেন- আমি জানি আমি ভালো হয়ে যাবো। তবে আমার যদি কিছু হয়, ওরা অনেক টানহেঁচড়া করবে, তুমি শক্ত থেক কুসুম। আমাকে নুহাশপল্লীতে নিয়ে যেও।”
গত বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জননন্দিত লেখক হুমায়ূন আহমেদ।
অনেকটা ক্ষুব্ধ কণ্ঠে শাওন বলেন, “আমেরিকার পাসপোর্ট থাকলেও চিকিৎসাধীন হুমায়ূনের পাশে পরিবারের কেউ দাঁড়ায়নি। তারা পাশে দাঁড়াতে পারতো, কিন্তু দাঁড়ায়নি। আমার শাশুড়ি ছাড়া কেউ ফোনও করতো না। জীবিত অবস্থায় তারা তাকে শান্তিতে থাকতে দেয়নি। তার লাশ নিয়ে কেন টানাটানি। আমি জানি হুমায়ূন আহমেদ এখন কষ্ট পাচ্ছেন।”
নুহাশপল্লী ট্রাস্ট করে দিয়ে যাওয়ার কথা থাকলেও হুমায়ূন আহমেদ এটি কারো নামে দিয়ে যাননি বলে দাবি করেন নিষাদ-নিনিতের মা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২২৫০ ঘ.
bdnews24