২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস-ট্রাক টার্মিনালের স্থান নির্ধারণে কমিটি

বন্দর নগরীর যানজট নিরসনে বাস ও ট্রাক টার্মিনালের স্থান নির্ধারণের জন্য ১৪ সদস্যের একটি কারিগরি কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর যানজট নিরসনে বাস ও ট্রাক টার্মিনালের স্থান নির্ধারণের জন্য ১৪ সদস্যের একটি কারিগরি কমিটি করা হয়েছে। সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) কার্যালয়ে মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে বাস-ট্্রাক টার্মিনাল নির্মাণ বাস্তবায়ন কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। সিসিসি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ রেলওয়ে ও পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। সিসিসি’র সচিব মো. সামসুদ্দোহাকে কমিটির আহ্বায়ক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। সভায় মেয়র মনজুর আলম বলেন, নগরীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের কারণে মানুষের অনেক মূল্যবান সময় ও অর্থের অপচয় হয়। তিনি বলেন, প্রায়ই নগরীর গুরুত্বপূর্ণ ও বড় সড়কগুলোয় বাস- ট্্রাকগুলো নিয়মের তোয়াক্কা না করে যেখানে-সেখানে যাত্রী উঠা-নামা এবং রাস্তার ওপর রেখে গাড়ি মেরামতের কাজ করে। এর ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় গাড়িগুলো নির্বিঘেœ চলাচল করতে পারে না। “তাই যানজট নিরসনে নগরীর গুরুত্বপূর্ণ সংযোগ স্থলে বাস- ট্রাক টার্মিনাল নির্মাণ করা খুবই প্রয়োজন।” যানজট নিরসনে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণে এই কারিগরি কমিটি করা হয়েছে বলে মেয়র জানান। তিনি আরো বলেন, টার্মিনাল নির্মাণের জন্য রেলওয়ে ও জেলা প্রশাসনের পর্যাপ্ত জায়গা রয়েছে। তাই তাদের সঙ্গে সমন্বয় করে একমাসের মধ্যে এ ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় নগরীর বায়েজিদ বোস্তামির সলিমপুর, হালিশহর টোল রোডের পাশে এবং অক্সিজেন এলাকায় তিনটি বাস ও ট্রাক টার্মিনাল স্থাপন বিষয়ে আলোচনাও হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, জেলা পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম চৌধুরী, প্রকৌশলী সুভাষ বড়–য়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহী, সিডিএ তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, চট্টগ্রাম বন্দর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুর আহমদ প্রমুখ। বর্তমানে চট্টগ্রাম শহরের একমাত্র বাস টার্মিনালটি রয়েছে বহদ্দারহাটে। তবে ট্রাকের জন্য স্বীকৃত কোনো টার্মিনাল নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/২০১০ ঘ.