রাজবাড়ী, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুটি গ্রামের বাসিন্দারেদ সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার সকালে এ সংঘর্ষে নিহত বাহাদুর মোল্লা (৭২) উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের বাসিন্দা।
আহতদের বালিয়াকান্দি, রাজবাড়ী এবং ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় দাঙ্গাপাড়া মসজিদের নলকূপ থেকে পানি সংগ্রহ করা নিয়ে বিরোধ হয় দু’দলের।
এর জেরে সোমবার সকালে হাবিব দেওয়ান এবং ফরিদ হোসেন বাবু সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে তারা লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে।
এক পর্যায় ধারালো অস্ত্রের আঘাতে বাহাদুর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।
বালিয়াকান্দি থানার ওসি কামরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় পুলিশ শফিকুল ইসলাম (৩৩), জাকির আলী (৫৫) ও মাজেদ সেখকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় নিহতদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০০৭ ঘ.
bdnews24