ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তা মেরামতের দাবিতে যাত্রাবাড়িতে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করায় ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
যাত্রাবাড়ি ও আশপাশের এলাকার রাস্তা ভাঙা থাকায় বাইরে থেকে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে দেরি হয়ে যায় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। পরে ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা চার দিনের মধ্যে রাস্তা মেরামতের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
অবরোধকারীদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন প্রচুর শিক্ষার্থীকে ঢাকায় আসতে হয়। কিন্তু রাস্তা ভাঙা থাকার কারণে অনেক সময় জরুরি ক্লাশে বা পরীক্ষায় অংশ নিতে দেরি হয়। কোনো উপায় না দেখে আজ সকালে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল বলেন, “শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ নারায়ণগঞ্জ এলাকার যে সব শিক্ষার্থী ঢাকায় পড়াশোনা করেন তারা এ অবরোধে অংশ নেন।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এ অবরোধে অংশ নেয়।
যাত্রাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-নারায়নগঞ্জ-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল প্রায় আড়াই ঘন্টা বন্ধ ছিল।”
“পরে শিক্ষার্থীদের সাথে সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তারাদের আলোচনা হলে ৪ দিনের মধ্যে রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হয়। এ আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়”, যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/এসইউ/১৩৪৮ ঘ.
bdnews24